ভারপ্রাপ্তেদর বেড়াজালে কার্যক্রম স্থবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মেলনের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সর্বশেষ কার্যকরী পর্ষদ গঠন হয় দেড় যুগ আগে, ১৯৯৭ সালে৷ তিন বছর মেয়াদি এই কমিটির সভাপতি ছিলেন মো. আবদুল হামিদ আর সাধারণ সম্পাদক শামসুল হক। এই সময়ের মধ্যে আবদুল হামিদ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার থেকে স্পিকার এবং সর্বশেষ রাষ্ট্রপতি হয়েছেন। আর শামসুল হক প্রায় ১৪ বছর আগে মারা যান। আবদুল হামিদ স্পিকার হওয়ার পর আর শামসুল হকের মৃত্যুর পর পদ দুটি ভারপ্রাপ্তদের দিয়ে চলছে।
শুধু তাই নয়, ৬৩ সদস্যের কমিটির আটজন ইতিমধ্যে মারা গেছেন৷ দুজন প্রবাসে জীবনযাপন করছেন। দুজন বহিষ্কৃত হয়েছেন, দুজন অসুস্থ আর দুজন এলাকায় আসেন না। কয়েকজন নিষ্ক্রিয় হয়ে পড়েছেন৷ এই অবস্থায় কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে৷
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ সাদি বলেন, এককথায় বলব কিশোরগঞ্জ আওয়ামী লীগের নেতৃত্বে জট তৈরি হয়েছে। পক্ষাঘাতগ্রস্ত রোগীর মতো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে।
দেশের বড় দুটি দলের প্রথম সারির একাধিক নেতার বাস কিশোরগঞ্জে। বিশেষ করে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমান ও বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জে জন্মেছেন। তাই এ জেলায় যথাসময়ে কমিটি না হওয়ায় দলীয় লোকজন হতাশ হয়ে পড়েছেন।
জানা গেছে, কমিটির সহসভাপতি ফয়সল আলম, শাহদাৎ হোসেন, সাধারণ সম্পাদক শামসুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন ঠাকুর, সাংগঠনিক সম্পাদক জিন্নাতুল ইসলাম, সদস্য শ্যামল ঘোষ, হুমায়ুন কবির ও সোহরাব উদ্দিন মারা গেছেন। সদস্য মোস্তাফিজুর রহমান ও মাহাবুবুল হক আমেরিকা প্রবাসী। রফিকুল ইসলাম ও আনিসুল বারী সাধারণত জেলায় আসেন না, ঢাকায় থাকেন। প্রচার সম্পাদক আনোয়ার কামাল ও সদস্য আবুল হাসেমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এমদাদুল হক এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ হৃদ্রোগে আক্রান্ত হয়ে এখন শয্যাশায়ী।
দলের কয়েকজন নেতা-কর্মী জানান, দৈন্য এমন পর্যায়ে ঠেকেছে, গত দুই-তিন বছর থেকে দলীয় কর্মসূচিতে কমিটির তিন থেকে চারজন ছাড়া আর কাউকে খঁুজে পাওয়া যাচ্ছে না।
এমন বক্তব্যের সতত্যা পাওয়া গেল ৭ জুন। ওই দিন ছিল ছয় দফা দিবস। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অনুষ্ঠানটি সফল করতে শহরজুড়ে মাইকিং করে ব্যাপক প্রচারণা চালানো হয়। কিন্তু মানুষের উপস্থিতি কম হওয়ায় সন্ধ্যা ছয়টার অনুষ্ঠান রাত আটটার পরে শুরু করতে হয়।
ওই দিন দলীয় কার্যালয়ে গিয়ে দেখা যায়, সাড়ে সাতটা পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চার-পাঁচজনকে নিয়ে কার্যালয়ে বসে আছেন। বারবার আহ্বান করেও দর্শক দশের উপরে যাচ্ছিল না। একপর্যায়ে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী যোগ দিলে রাত আটটা পাঁচ মিনিটে অনুষ্ঠান শুরু করা হয়।
কমিটি গঠন না হওয়ার কারণ জানতে চাইলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আফজাল বলেন, প্রস্তুতি চলছে, হবে।
দলের সাংগঠনিক দুর্বলতার প্রসঙ্গে জানতে চাইলে দপ্তর সম্পাদক আহমদ উল্লাহ বলেন, মানতেই হবে নেতৃত্ব এখন সংকটে আছে।