
চট্টগ্রাম–৯ (কোতোয়ালি–বাকলিয়া) আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল দলীয় মনোনয়ন পাওয়ায় স্থানীয় রাজনীতিতে ভারসাম্য আসছে বলে মনে করছেন তৃণমূলের বেশির ভাগ নেতা–কর্মী। এতে নেতা–কর্মীরা খুব খুশি। অন্য পক্ষ জাতীয় পার্টির জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে চেয়েছিলেন চট্টগ্রাম–৯ আসনে। তাঁদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
নওফেল প্রয়াত সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর জ্যেষ্ঠ ছেলে। গত রোববার সকালে মনোনয়নের চিঠি নওফেল হাতে পাওয়ার পর মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। নগরের অনেক জায়গায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। কিন্তু স্থানীয় রাজনীতিতে মহিউদ্দিনের বিরোধী হিসেবে পরিচিত চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারীরা নাখোশ হয়েছেন বলে প্রতীয়মান হচ্ছে।
গত বছরের ১৫ ডিসেম্বর মহিউদ্দিন চৌধুরী মারা গেলে তাঁর অনুসারীরা স্থানীয় রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়েন। বিভিন্ন ঘটনায় নেতা–কর্মীরা মামলা ও হয়রানির শিকার হয়ে আসছিলেন। ফলে অনেকে গা ঢাকা দেন। এতে মহিউদ্দিন চৌধুরীর অনুসারীদের মধ্যে নেমে আসে হতাশা।
নওফেলের দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টিকে ‘বদ্ধকূপে অক্সিজেন’ পাওয়ার সঙ্গে তুলনা করেছেন তৃণমূলের বেশির ভাগ নেতা–কর্মী। তাঁরা এ–ও বলেছেন, চট্টগ্রামে আওয়ামী লীগের রাজনীতিতে ভারসাম্য ফিরে আসছে। যে কেউ নিজের ইচ্ছামতো সংগঠন চালাতে পারবেন না কিংবা কাউকে মামলায় জড়িয়ে হয়রানি করতে পারবেন না বলে তাঁরা মনে করছেন।
নওফেলের প্রয়াত বাবা এ বি এম মহিউদ্দিন চৌধুরী টানা ১৭ বছর চট্টগ্রাম সিটি মেয়র ছিলেন। ২০১০ সালে তিনি হেরে যান। আওয়ামী লীগের মধ্যে বিরোধের কারণে মহিউদ্দিন চৌধুরী ওই নির্বাচনে ছিটকে পড়েন বলে তাঁর অনুসারীরা মনে করেন।
নগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মরহুম এ বি এম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামবাসীর কাছে একজন জীবন্ত কিংবদন্তি। তাঁর অবয়ব ও ছায়া নওফেলের মধ্যে আছে। নতুন প্রজন্মের কাছে তাঁর একটা উজ্জ্বল ভাবমূর্তি তৈরি হয়েছে। একই সঙ্গে মহিউদ্দিন চৌধুরীর সহকর্মীরাও তাঁর পক্ষে এগিয়ে আসছেন। এতে নবীন ও প্রবীনের সমন্বয়ে চট্টগ্রাম আওয়ামী লীগের রাজনীতিতে সাংগঠনিক গতি আসবে।’
দলীয় একটি সূত্র জানিয়েছে, বর্তমান সাংসদ জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে চট্টগ্রাম–৯ আসনে মনোনয়ন দেওয়া হবে বলে মহিউদ্দিন চৌধুরীর বিরোধী পক্ষ হিসেবে পরিচিত আওয়ামী লীগের নেতা–কর্মীরা মনে করেছিলেন। বাবলু ২০১৪ সালের ৫ জানুয়ারির একতরফা জাতীয় নির্বাচনে এই আসনের সাংসদ হন। কিন্তু নওফেল মনোনয়ন পাওয়ায় মহিউদ্দিন চৌধুরীর বিরোধী পক্ষ হতাশ হলেও প্রকাশ্যে মুখ খুলছে না।
মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর আগে চট্টগ্রামে আওয়ামী লীগের রাজনীতি দুই ধারায় বিভক্ত ছিল। এক পক্ষে মহিউদ্দিন চৌধুরী এবং অপর পক্ষে নেতৃত্ব দিতেন মেয়র নাছির উদ্দীন। মহিউদ্দিনের মৃত্যুর পর আওয়ামী লীগের কার্যক্রম ও নিয়ন্ত্রণ অনেকটা মেয়র নাছিরের হাতে চলে যায়। নওফেল সাংসদ হলে আওয়ামী লীগের রাজনীতি আবার ভারসাম্যের চেহারায় ফিরতে পারে।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সদস্য বেলাল আহমেদ মনে করেন, নওফেলকে মনোনয়ন দিয়ে মহিউদ্দিন চৌধুরীকে মূল্যায়ন করেছেন নেত্রী (শেখ হাসিনা)। কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে নওফেলের কোনো অবদান নেই। বেলালের ভাষ্য, মেয়র আ জ ম নাছির পোড় খাওয়া রাজনীতিবিদ। চট্টগ্রাম আওয়ামী লীগকে মেয়র নাছির আরও শক্তিশালী কাঠামোয় দাঁড় করাবেন। সেটা নওফেল পারবেন না।
সিটি মেয়র এবং নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘একটা প্রজন্ম যাবে এবং পরের প্রজন্ম উঠে আসবে। নওফেল নতুন প্রজন্মের। তাঁর মনোনয়ন পাওয়া স্বাভাবিক বিষয়। মানুষের কল্যাণ করার জন্য তাঁর একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে নওফেল রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন বলে আশা করছি।’
জানতে চাইলে মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম আওয়ামী লীগের প্রাণ তৃণমূলের নেতা–কর্মীরা। নেত্রী আমাকে চট্টগ্রাম–৯ আসনে মনোনয়ন দিয়ে তৃণমূলের নেতা–কর্মীদের মূল্যায়ন করেছেন। তাঁরা আরও সংগঠিত হওয়ার সুযোগ পেয়েছেন।’