ভারাক্রান্ত ১৯ স্কুল
সিলেট বিভাগের চার জেলায় একটি বাদে সব কটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে। এতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের ওপর বাড়তি চাপ পড়ছে। শিক্ষার্থীরা যথাযথ পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে।জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই চার জেলায় ২০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের ১৯টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য। শুধু হবিগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক আছেন। এ ছাড়া ১৫টি বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক ও বাকি চারটি বিদ্যালয়ে জ্যেষ্ঠ শিক্ষক দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাজ চলছে।শিক্ষক-শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়গুলোতে এমনিতেই শিক্ষকসংকট রয়েছে। তার ওপর একজন শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করায় তিনি প্রায় সময় পাঠদান কার্যক্রমে অংশ নিতে পারেন না। এতে পাঠদানের ক্ষেত্রে অন্য শিক্ষকদের ওপর বাড়তি চাপ পড়ছে।সিলেটের কানাইঘাট সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থী আছে ৭০০ জন। তাদের পাঠদানের জন্য ২৭ জন শিক্ষক থাকার কথা। আছেন মাত্র ১২ জন। এর মধ্যে প্রধান শিক্ষকের পদ শূন্য। তাই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মইনুল হক বলেন, ‘বাড়তি এই দায়িত্বের কারণে আমাকে উপজেলা ও জেলা সদরে প্রায় দিনই বিভিন্ন সভা-সেমিনারে অংশ নিতে হয়। এ ছাড়া বিদ্যালয় পরিচালনার বিভিন্ন দায়িত্ব তো রয়েছেই। এতে সব সময় শিক্ষার্থীদের ক্লাস নিতে পারি না। এর পরও সাধ্য অনুযায়ী শিক্ষার্থীদের পাঠদান দেওয়ার চেষ্টা করি। এ অবস্থায় সার্বিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।’মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সিলেটের উপপরিচালক জাহাঙ্গীর কবীর আহমেদ প্রথম আলোকে বলেন, ‘অতীতে পদোন্নতির প্রক্রিয়া দীর্ঘদিন বন্ধ থাকায় শূন্য পদগুলো পূরণ করা যাচ্ছে না। তবে বর্তমান শিক্ষামন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকে সিলেট অঞ্চলের বিদ্যালয়গুলোতে অভিজ্ঞ শিক্ষকদের সহকারী প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি দেওয়া হচ্ছে। এখন নীতিমালার বাধ্যবাধকতা অনুযায়ী, সহকারী প্রধান শিক্ষক হিসেবে চার বছরের অভিজ্ঞতা না হলে এসব শিক্ষককে পূর্ণ প্রধান শিক্ষকও করা যাচ্ছে না।’