ভারী ট্রাকের বহর ওঠায় মহাস্থান সেতুতে ফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্যবাহী অতিরিক্ত ভারী ট্রাকের বহর একসঙ্গে উঠে পড়ায় ঢাকা-রংপুর মহাসড়কের মহাস্থান সেতুর গার্ডারে ফাটল দেখা দিয়েছে। ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ দল গতকাল শুক্রবার বগুড়ার শিবগঞ্জে এসে ক্ষতিগ্রস্ত সেতুটি পরিদর্শন শেষে এ মত দিয়েছে।

বিশেষজ্ঞ দলটির পরামর্শে সেতুটি দিয়ে গতকাল বিকেল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এখন যানবাহন চলছে বিকল্প পথে। দ্রুততম সময়ের মধ্যে ওই সেতুর নিচে একটি বেইলি সেতু প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটি হলেই কেবল এ সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক হবে। বগুড়া সওজের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান এসব বিষয় নিশ্চিত করেছেন।

করতোয়া নদীর ওপর অবস্থিত মহাস্থান সেতুতে গত বুধবার ফাটল দেখা দেয়। এরপর থেকে পুলিশের তত্ত্বাবধানে ওই সেতু দিয়ে কিছু হালকা যানবাহন চলাচল করছিল। তা–ও আবার যাত্রীদের নামিয়ে ফাঁকা গাড়ি ঝুঁকি নিয়ে চলছিল। ভারী যানবাহন চলছিল বিকল্প পথে।

সওজ সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত সেতুটি গতকাল পরিদর্শন করে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ দল। এ দলে ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ফকির আবদুর রব, সেতু নকশা বিশেষজ্ঞ শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজাউল করিম ও নির্বাহী প্রকৌশলী শাহাদৎ হোসেন এবং সওজের বগুড়া অঞ্চলের আবাসিক প্রকৌশলী সাদেকুল ইসলাম। তাঁরা গতকাল দুপুর পর্যন্ত ঝুঁকিপূর্ণ সেতুটি পরিদর্শন করেন।

সওজের আবাসিক প্রকৌশলী আরিফুজ্জামান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, বিশেষজ্ঞ দলের পরামর্শের ভিত্তিতে কাল (আজ শনিবার) থেকেই বেইলি সেতুর কাজ শুরু হবে। দ্রুততম সময়ের মধ্যে সেই কাজ শেষ করে মহাস্থান সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আর মহাস্থান সেতুর পাশে একই দৈর্ঘ্যের নতুন সেতু নির্মাণের যে প্রকল্প রয়েছে, সেটি ২০২০ সালের আগে চালু হবে না।

যানবাহন চলছে বিকল্প পথে

মহাস্থান সেতুতে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ার পর হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ গতকাল বিকেল থেকে উত্তরবঙ্গগামী পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী সব ধরনের বাস বগুড়া শহরতলির বারপুর থেকে পুরাতন দিনাজপুর সড়ক (নামুজা-বুড়িগঞ্জ) হয়ে চলছে। রাজধানী অভিমুখী উত্তরবঙ্গের যানবাহন মোকামতলা থেকে জয়পুরহাট সড়ক-শিবগঞ্জ হয়ে মহাস্থান বাজারে এসে মহাসড়কে উঠছে।

 কুড়িগ্রামগামী দূরপাল্লার একটি বাসের চালক আক্ষেপ করে বলেন, বিপাকে পড়ছে গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রামগামী গাড়িগুলো। এসব যানবাহনকে নানা পথ ঘুরে আবার মোকামতলায় এসে মহাসড়কে উঠতে হচ্ছে। এতে ঢাকা থেকে রংপুরে পৌঁছাতে ১৬-১৮ ঘণ্টা সময় লাগছে।

এদিকে বিকল্প এ রাস্তা দুটি খুবই সরু। ফলে যানবাহনকে মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এ অবস্থায় দ্রুতই মহাস্থান সেতু খুলে না দেওয়া হলে আসছে ঈদযাত্রায় ভোগান্তি আরও বাড়তে পারে।