ভারী বর্ষণ হলেই মৌলভীবাজারের পৌর এলাকার বাসাবাড়িতে পানি
ভারী বর্ষণ হলেই বাসাবাড়িতে পানি উঠছে। তলিয়ে যাচ্ছে মৌলভীবাজার শহরের পূর্ব গীর্জাপাড়া ও ফাটাবিল এলাকা। গত শুক্র ও শনিবারের বৃষ্টিতে এলাকার রাস্তা ও বিভিন্ন বাসাবাড়ি পানিতে তলিয়ে যায়। বর্ষা শুরুর মধ্যে এ নিয়ে এলাকায় দুই দফা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।শহরের পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম কোদালীছড়া দ্রুত পানি নিষ্কাশন করতে না পারায় এ জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। এলাকাবাসী জানান, মৌলভীবাজার পৌরসভার পূর্ব গীর্জাপাড়া ও ফাটাবিল এলাকার শতাধিক বাসা-বাড়িতে পানি উঠেছে। ভারী বর্ষণের কারণে শুক্রবার সকাল থেকে পানি উঠতে শুরু করে। অধিকাংশ বাসাবাড়িই এখন পানিবন্দী। এলাকার রাস্তাঘাট হাঁটু বা কোমর পানির নিচে তলিয়ে গেছে। এতে ছোট ছেলেমেয়েদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। ভারী বর্ষণ হলেই কোদালীছড়ার উজানের পূর্ব গীর্জাপাড়া, ফাটাবিল, সার্কিট হাউসের পূর্বাঞ্চল, স্টেডিয়াম সড়ক এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়।ফাটাবিল এলাকার বাসিন্দা রতন ঋষি (২০) বলেন, ‘শুক্রবার সকাল থেকেই আমাদের বাসার মধ্যে হাঁটুপানি। আমাদের আস্তপাড়াই পানির নিচে তলিয়ে গেছে। ঘরে পানি, রাস্তায় পানি। প্রত্যেক বছর বৃষ্টি হলেই বাসা-বাড়িতে পানি উঠে যায়।’পূর্ব গীর্জাপাড়া এলাকার বাসিন্দা সাংস্কৃতিক কর্মী ও ব্যাংক কর্মকর্তা সুনীল শৈশব বলেন, ‘পূর্ব গীর্জাপাড়া এলাকাতে শতাধিক বাসায় পানি ওঠেছে। আমরা এখন পানিবন্দী হয়ে পড়েছি। বাসার চারদিকে পানি। বাচ্চাদের নিয়ে উদ্বেগে থাকতে হচ্ছে। অনেক বাসার বাচ্চাদের স্কুলে যাওয়া বন্ধ। ঝুঁকি নিয়ে বসবাস করতে হচ্ছে।’ মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম ময়ূন গতকাল রোববার শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার বিষয়টি স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আগামী শীত মৌসুমের আগেই ইনশাল্লাহ কোদালীছড়ার কাজ শুরু করতে পারব। জাইকা (জাপানি সাহায্য সংস্থা) আমাদের এ কাজটি করে দেবে। ইতিমধ্যে তারা কোদালীছড়া সার্ভে ও মূল্যায়ন করে ফেলেছে। কোদালীছড়ার স্থায়ী সংস্কার করা গেলে জলাবদ্ধতার দুর্ভোগ আর থাকবে না।’