ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত
দেশের কয়েকটি স্থানে ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত হাতিয়ায় সর্বোচ্চ ৬৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। ফরিদপুরে প্রবল বর্ষণের ফলে জেলার বিস্তীর্ণ এলাকার ফসল তলিয়ে গেছে। নিম্নচাপের প্রভাবে বরগুনাসহ দক্ষিণ উপকূলে ব্যাপক জলোচ্ছ্বাস হয়েছে। বরগুনায় লক্ষাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে গতকাল লঞ্চ, সিবোট ও ফেরি চলাচল বন্ধ থাকায় মাওয়া-কাওরাকান্দি ফেরি ঘাট এবং মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বিঘ্নিত হয়। আট কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, অফিস, প্রতিনিধি ও সংবাদদাতারা জানিয়েছেন বিস্তারিত: মুন্সিগঞ্জ: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত মাওয়া-কাওরাকান্দি পথে লঞ্চ ও সিবোট চলাচল বন্ধ ছিল। ঝুঁকি নিয়ে রো রো ফেরি চললেও ছোট ফেরি চলাচল বন্ধ ছিল। সকাল থেকে লঞ্চ, সিবোট ও ফেরি চলাচল বন্ধ থাকায় মাওয়া ও কাওরাকান্দি ঘাটের মাওয়া ঘাটে আট কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফরিদপুর: প্রবল বর্ষণের ফলে জেলার বিস্তীর্ণ এলাকার ফসল পানিতে তলিয়ে গেছে। ফরিদপুর আঞ্চলিক আবহাওয়া কার্যালয় বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার বেলা একটা পর্যন্ত শহরে ৩৯ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করার কথা জানিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. কসিম উদ্দিন জানান, গত কয়েক দিনের বর্ষণে ওই পাঁচটি উপজেলার দুই হাজার ৭৯৬ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে।মানিকগঞ্জ: প্রবল বর্ষণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরির স্বাভাবিক চলাচল বিঘ্নিত হচ্ছে। বৃষ্টির কারণে যানবাহনের চাপ কিছুটা কম থাকলেও বিকেল পাঁচটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাটুরিয়া ঘাটে অর্ধশতাধিক যাত্রীবাহী কোচ, দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক ও অর্ধশতাধিক ছোট গাড়ি পারাপারের অপেক্ষায় ছিল। বরগুনা: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বরগুনাসহ দক্ষিণ উপকূলে ব্যাপক জলোচ্ছ্বাস হয়েছে। গত বুধবার গভীর রাতে বরগুনায় ৪৫-৫০ কিলোমিটার গতিতে ঝড় আঘাত হানে। একই সঙ্গে প্রবল বর্ষণ ও জলোচ্ছ্বাসে জেলার বেশির ভাগ এলাকা প্লাবিত এবং লক্ষাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। প্রবল জোয়ারে কমপক্ষে ১২টি স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। এ ছাড়া ২৫-৩০টি স্থানে বাঁধে ফাটল দেখা দেওয়ায় আতঙ্কে রয়েছে এলাকার লোকজন। পটুয়াখালী: সাগর উত্তাল রয়েছে। পটুয়াখালীর আবহাওয়া অফিস জানায়, পটুয়াখালীর উপকূলীয় এলাকায় ৩ নং সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলারগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। শিবচর (মাদারীপুর): নিম্নচাপের প্রভাবে পদ্মা নদী উত্তাল হয়ে উঠেছে। প্রচণ্ড ঢেউয়ের কারণে মাওয়া-কাওরাকান্দি নৌরুটের লঞ্চ, স্পিডবোট ও ফ্লাট ফেরি পারাপার বন্ধ রয়েছে। দুই দিকে চার শতাধিক যানবাহন আটকে পড়ায় শত শত যাত্রী অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে। একটি স্পিডবোট ডুবে নিখোঁজ রয়েছে দুই যাত্রী। কাওরাকান্দি স্পিডবোট মালিক সমিতিরি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, স্পিডবোটটি নিষেধাজ্ঞা অমান্য করে চলায় দুর্ঘটনা ঘটেছে। পাথরঘাটা (বরগুনা): পাথরঘাটার বিষখালী ও বলেশ্বর নদে গত কয়েক দিন থেকে জোয়ারের পানির চাপ বেড়েছে। এতে উপজেলার রুহিতা, তাফালবাড়িয়া, পদ্মা, কাকচিড়া ও দক্ষিণ কুপধন বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। একই সঙ্গে উত্তর কুপধন, ছোনবুনিয়া, চরপদ্মা, গাববাড়িয়া ও জিনতলা বেড়িবাঁধের অন্তত ২০টি স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে। আতঙ্কে উপজেলার নিম্নাঞ্চলের হাজারো মানুষ বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে।আমতলী (বরগুনা): নিম্নচাপের কারণে সৃষ্ট ঝোড়ো বাতাসে বরগুনার আমতলীসহ উপকূলীয় এলাকায় বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে ঘণ্টায় ৪৫/৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া প্রবাহিত হয়। সেই সঙ্গে ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। মঠবাড়িয়া (পিরোজপুর): সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বুধবার রাতে ঝোড়ো হাওয়া ও গতকাল বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে সারা দিন বৃষ্টি হয়েছে। নিম্নচাপ-আতঙ্কে বলেশ্বর নদ-তীরবর্তী কয়েক হাজার মানুষ নিরাপদ আশ্রয়ে অবস্থান করছে।