ভারী বর্ষণে জলমগ্ন সিলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টির পানিতে ডুবে আছে বাসাবাড়ি, রাস্তাঘাট। উপড়ে পড়েছে গাছ। এরই মাঝে পানি ঠেলে ছেলেমেয়েদের নিয়ে স্কুল থেকে ফিরছেন এক নারী। ছবিটি গতকাল সিলেট শাহজালাল উপশহর এলাকা থেকে তোলা l প্রথম আলো
বৃষ্টির পানিতে ডুবে আছে বাসাবাড়ি, রাস্তাঘাট। উপড়ে পড়েছে গাছ। এরই মাঝে পানি ঠেলে ছেলেমেয়েদের নিয়ে স্কুল থেকে ফিরছেন এক নারী। ছবিটি গতকাল সিলেট শাহজালাল উপশহর এলাকা থেকে তোলা l প্রথম আলো

সোমবার সকাল ছয়টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত ২০৪ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া কার্যালয় বলছে, এটি চলতি বছর সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।
মুষলধারে বৃষ্টিতে জলে ভাসা জনপদে পরিণত হয়েছে সিলেট। বৃষ্টিতে ডুবে গেছে নগরের অধিকাংশ রাস্তাঘাট। নিচু এলাকার বাসাবাড়ি থেকে শুরু করে দোকানপাট—সবখানেই পানি। ভোগান্তি ছিল চরমে।
গতকাল সরেজমিনে দেখা গেছে, নগরের উপশহর, লামাপাড়া, সেনপাড়া, শিবগঞ্জ, হাওয়াপাড়া, বারুতখানা, ঝালোপাড়া, কুশিঘাট, শাপলাবাগ ও লালদিঘির পাড় এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব এলাকার রাস্তাঘাটে ছিল হাঁটু থেকে কোমরসমান পানি। অধিকাংশ বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। শিবগঞ্জ ও বারুতখানায় ইঞ্জিনে পানি ঢুকে বিকল হয়ে পড়ছে প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশা।
সিলেট আবহাওয়া কার্যালয়ের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, ২০০০ সালের আগস্টে ৯৬৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। ১৫ বছর পর এই আগস্টে আবার ৯৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হলো। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত।
রাস্তায় পানি থাকায় ও প্রবল বর্ষণের কারণে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত যানবাহন চলাচল ছিল সীমিত। এর ফলে সবচেয়ে বেশি ভোগান্তি হয়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামী মানুষের। অনেককেই পানি মাড়িয়ে ভিজে গন্তব্যে যেতে দেখা গেছে। তবে দুপুরের পর অনেক এলাকার পানি নামতে শুরু করে। কিন্তু টুপটাপ বৃষ্টি তখনো হচ্ছিল।
লামাপাড়ার বাসিন্দা কুদ্দুস মিয়া বলেন, জলাবদ্ধতার কারণে নর্দমার ময়লা-আবর্জনা বাসাবাড়িতে ঢুকে পড়েছে। তাই পানি নেমে যাওয়ার পরপরই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের উচিত দ্রুত পরিষ্কারের কাজে হাত লাগানো।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, প্রবল বৃষ্টিতে এই জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় গিয়ে করপোরেশনের কর্মীরা তা দেখেছেন। যেসব এলাকায় জলাবদ্ধতা বেশি, সেসব এলাকার জলাবদ্ধতা দূর করতে ভবিষ্যতে উদ্যোগ নেওয়া হবে। তা ছাড়া বর্তমানে পানি কমে যাওয়ার পরপরই নর্দমা থেকে উঠে আসা আবর্জনা দ্রুত অপসারণ করা হবে।
জোয়ারের পানিতে সয়লাব খুলনা: আমাদের খুলনা অফিস জানিয়েছে, চার দিন ধরে খুলনার রূপসা ঘাট ও নতুন বাজার লঞ্চঘাট এলাকা প্রতিদিন তলিয়ে যাচ্ছে। জোয়ার হলেই ভোগান্তিতে পড়ে এসব এলাকার হাজারো মানুষ।

পূর্ণিমার জোয়ারের পানিতে তলিয়ে গেছে খুলনার রূপসা নদীর পাড়। দুর্ভোগ পোহাতে হচ্ছে লোকজনকে l প্রথম আলো
পূর্ণিমার জোয়ারের পানিতে তলিয়ে গেছে খুলনার রূপসা নদীর পাড়। দুর্ভোগ পোহাতে হচ্ছে লোকজনকে l প্রথম আলো

গতকাল দুপুরে সরেজমিনে দেখা যায়, রূপসা ঘাট থেকে খামারবাড়ি পর্যন্ত এবং রূপসা ট্রাফিক মোড় থেকে নতুন বাজার মোড় পর্যন্ত পানিতে তলিয়ে আছে। নতুন বাজার লঞ্চঘাটে পন্টুনে যাওয়ার কাঠের পাটাতনও পানিতে ডুবে গেছে। প্রায় কোমরসমান পানি ঠেলে যাতায়াত করছে মানুষ। দোকান, টিকিট কাউন্টার ও হোটেলের ভেতর হাঁটুপানি। রাস্তার ওপর সাঁতার কাটছে ছোট ছোট ছেলেমেয়েরা।
স্থানীয় ব্যক্তিরা বলেন, চলতি সপ্তাহের শুরু থেকে জোয়ারে রূপসা নদীর পানি ফুলে উঠছে। তখন নদীর তীরের বাঁধ উপচে পানি ঢুকে পড়ে শহরে। এতে তলিয়ে যায় রূপসা পশ্চিম পারের বাসস্ট্যান্ড, নগর পরিবহনের স্ট্যান্ড ও ফেরিঘাট।
রূপসা ঘাটের ফল ব্যবসায়ী মো. রিপন বলেন, ‘অনেক বছর ধরে এখানে ব্যবসা করি। কিন্তু কোনো দিন এত পানি দেখিনি। প্রতিদিন ছয় ঘণ্টা পানিতে ডুবে থাকে।’
জানতে চাইলে খুলনা সিটি করপোরেশনের কনজারভেন্সি অফিসার আনিসুর রহমান বলেন, ‘পানির স্তর এত বেশি বেড়েছে যে কী করা যায়, তা বুঝতে পারছি না। কোনো উদ্যোগেই কাজ হবে বলে মনে হচ্ছে না। তারপরও প্রধান প্রকৌশলীর সঙ্গে আলোচনা করে দেখছি কী করা যায়।’
পাউবো (রক্ষণাবেক্ষণ ও পরিচালনা)-২ খুলনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী পীযূষ কুণ্ডু বলেন, ‘ব্যবস্থা নেওয়ার মতো তেমন কিছু নেই। শহরের পানি বের হওয়ার ড্রেনের ভেতর দিয়ে পানি ঢুকছে।’ বেড়িবাঁধ উপচে জোয়ারের পানি উঠছে জানালে তিনি বলেন, ‘বেড়িবাঁধের ওপর দিয়ে তো কেসিসির রাস্তা হয়ে গেছে। তারপরও দেখি কিছু করা যায় কি না।’