ভারী বর্ষণে পানির নিচে সড়ক, ১০ গ্রামের মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবল বর্ষণে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি থেকে ফুলবাড়ী সড়কটি পানিতে ডুবে যায়। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো
প্রবল বর্ষণে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি থেকে ফুলবাড়ী সড়কটি পানিতে ডুবে যায়। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো

খনি থেকে কয়লা উত্তোলনের ফলে ভূমি দেবে যাওয়ায় ভারী বর্ষণেই দিনাজপুরের ফুলবাড়ী-বড়পুকুরিয়া সড়কটি পানিতে ডুবে গেছে। এতে বড়পুকুরিয়া এলাকাসহ আশপাশের ১০টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ দুর্ভোগে পড়েছে।
বড়পুকুরিয়া কয়লাখনি সূত্র জানায়, কয়লাখনির চারপাশে ভূগর্ভে সুড়ঙ্গ করে কয়লা তোলা হয়। এতে ওই সড়কটিসহ আশপাশের বিশাল এলাকা দেবে গেছে। ১৫ দিন ধরে এলাকায় একটানা ভারী বর্ষণ চলছে। এতে দেবে যাওয়া সড়কটি পানিতে তলিয়ে গেছে।
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, রাস্তাটির অনেক স্থানে খানাখন্দও তৈরি হয়েছে। ফলে কয়লাখনির পাশের পাতিগ্রাম, জিয়াগাড়ী, পাথরাপাড়া, বাঁশপুকুর, শিবকৃষ্ণপুর, হামিদপুর, ধুলাউদাল, পলাশবাড়ীসহ ১০টি গ্রামের মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
হামিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন মণ্ডল বলেন, হামিদপুর ইউনিয়নটি পার্বতীপুরের হলেও এটি ফুলবাড়ী পৌর শহর থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত। এ ইউনিয়নের বাসিন্দারা হাটবাজারসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচার জন্য ফুলবাড়ী পৌর শহরে যাতায়াত করেন। ফুলবাড়ী-বড়পুকুরিয়া সড়কটি হচ্ছে এই এলাকার মানুষের যাতায়াতের প্রধান সড়ক। এটি পানির নিচে তলিয়ে যাওয়ায় হামিদপুর ইউনিয়নের ১০টি গ্রামের মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে। সড়কটি খয়েরপুকুর হাট দিয়ে ফুলবাড়ী থেকে বদরগেঞ্জরও সংযোগ সড়ক। ফলে রাস্তাটি দিয়ে ফুলবাড়ী, পার্বতীপুর ও বদরগঞ্জের হাজােরা মানুষ চলাচল করেন।
বড়পুকুরিয়া খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম বলেন, ভূমি দেবে যাওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে ২০১১ সালে বড়পুকুরিয়া বাজারসহ ওই এলাকার সাড়ে ছয় শ একর ভূমি অধিগ্রহণ করা হয়। জমির মধ্যে রাস্তাটিও পড়েছে। কিন্তু এলাকাবাসীর জন্য বিকল্প রাস্তা করা হয়নি। রাস্তাটি একটু বৃষ্টি হলেই পানির নিচে তলিয়ে যায়। এ অবস্থায় রাস্তাটি সংস্কার করা অতি জরুরি হয়ে পড়েছে।