ভারী বর্ষণে বিভিন্ন সড়কে পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর নগরের লালবাগ এলাকার কেডিসি রোডে জলাবদ্ধতা নিরসনের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কারমাইকেল কলেজ শাখা গতকাল বিকেলে মানববন্ধন করে। ওই এলাকার ছাত্রাবাসের শিক্ষার্থী ও এলাকাবাসী সড়কের ওপর জমে থাকা পানিতে দাঁড়িয়েই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন l ছবি: প্রথম আলো
রংপুর নগরের লালবাগ এলাকার কেডিসি রোডে জলাবদ্ধতা নিরসনের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কারমাইকেল কলেজ শাখা গতকাল বিকেলে মানববন্ধন করে। ওই এলাকার ছাত্রাবাসের শিক্ষার্থী ও এলাকাবাসী সড়কের ওপর জমে থাকা পানিতে দাঁড়িয়েই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন l ছবি: প্রথম আলো

রংপুরে গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত টানা ভারী বর্ষণে নগরের বেশ কয়েকটি সড়কে পানি জমে যায়। এ কারণে নাগরিকদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়েছে।
গতকাল সরেজমিনে কারমাইকেল কলেজের সামনের সড়কে পানি জমতে দেখা গেছে। বিভিন্ন আবাসিক মেস থেকে শিক্ষার্থীদের হেঁটে চলাচল করতে হচ্ছে। কথা হয় কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে। রোকসানা পারভিন বলেন, রেলগেট থেকে কলেজে প্রবেশের মুখ পর্যন্ত মাত্র ১০০ গজের মতো সড়কে সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। প্রতিবছর বৃষ্টির সময় এ সমস্যা দেখা দেয়। শিক্ষার্থী সুলতানা আক্তার বলেন, কখনো স্যান্ডেল হাতে নিয়ে এইটুকু রাস্তা পার হতে হয়।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার সভাপতি আবু রায়হান বকসি বলেন, ‘কলেজের প্রবেশমুখের রাস্তায় জলাবদ্ধতা নিয়ে বহুবার মানববন্ধন করেছি। কিন্তু এর কোনো প্রতিকারই হচ্ছে না।’
ভারী বর্ষণে নগরের পায়রা চত্বর থেকে সেন্ট্রাল রোডের অগ্রণী ব্যাংক পর্যন্ত, জাহাজ কোম্পানী মোড়, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়ক, আলমনগর থেকে রেলওয়ে স্টেশন সড়ক, বাহার কাছনা বাজার এলাকার প্রধান সড়ক, কোতোয়ালি থানার সামনের সড়ক, ধাপ পুলিশ ফাঁড়ির দক্ষিণ পাশের সড়ক, লালবাগ হাট থেকে দর্শনা সড়কসহ অধিকাংশ পাড়া-মহল্লার সড়কের দুই পাশে পানি জমে যায়। এসব এলাকায় নাগরিকদের চলাচলে দুর্ভোগ পোহাতে দেখা গেছে।
নগরের জাহাজ কোম্পানী মোড় এলাকার ব্যবসায়ী নাসিম বাবু বলেন, সড়কে পানি জমে যাওয়ায় কোনো গাড়ি গেলে পানি ছিটকে দোকানের মধ্যে চলে আসে।
পায়রা চত্বর এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, নর্দমার মুখগুলো বন্ধ হয়ে গেছে। এগুলো জরুরি ভিত্তিতে পরিষ্কার করতে হবে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) মহানগর কমিটির সভাপতি আফতাব হোসেন জানান, বৃষ্টি হলেই সড়কে পানি জমে নাগরিকদের দুরবস্থা দেখা যায়। সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি মলয় কিশোর ভট্টাচার্য সড়কে চলাচলে নাগরিকদের সেবা নিশ্চিত করতে সিটি করপোরেশনকে এগিয়ে আসার আহ্বান জানান।
সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন প্রথম আলোকে বলেন, নগরের লোকজন প্রতিদিন সড়কের যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলছে। এ কারণে নর্দমার মুখগুলো বন্ধ হয়ে পড়ে। এ কারণে বৃষ্টিতে পানিপ্রবাহের মুখ বন্ধ হয়ে যায়।