ভারী বর্ষণে ময়মনসিংহ শহরে জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন আবাসিক এলাকার ছোট সড়কগুলো গত বৃহস্পতিবার রাত ও গতকাল শুক্রবার সকালের কয়েক ঘণ্টার ভারী বর্ষণে পানির নিচে তলিয়ে যায়। এতে শুক্রবার দুপুর পর্যন্ত চরম ভোগান্তিতে পড়েন শহরের মানুষ।
গতকাল সকালে শহরের গাঙ্গিনারপাড়, নতুন বাজার, সানকিপাড়া, জিলা স্কুল রোড, কলেজ রোড, বাউন্ডারি রোড, নওমহল ও সেনবাড়ি এলাকা ঘুরে দেখা যায়, সব সড়ক পানির নিচে তলিয়ে আছে। এতে চরম ভোগান্তিতে পড়েন শহরের মানুষ। গতকাল সাপ্তাহিক ছুটির দিন হলেও বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা থাকায় আশপাশের বিভিন্ন জেলা থেকে অংশ নিতে আসা পরীক্ষার্থীরা চরম বিপাকে পড়েন। বৃষ্টির কারণে শহরে ছিল না পর্যাপ্ত রিকশা ও ইজিবাইক। সুযোগ পেয়ে অনেক রিকশাচালককে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করেন। শহরের সানকিপাড়া এলাকায় সকাল সাড়ে নয়টার দিকে দেখা যায়, লোকজন সড়কের মোড়ে দাঁড়িয়ে অপেক্ষা করলেও সে তুলনায় রিকশা বা ইজিবাইক ছিল না।
পৌর এলাকার কয়েকজন জানান, শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা গত কয়েক বছরের তুলনায় অনেক ভালো। কিন্তু ভারী বৃষ্টি হলে বৃষ্টি থামার পর পানি নেমে যেতে কিছুক্ষণ সময় লাগে। সরেজমিনে দেখা যায়, বেলা একটার পর থেকেই প্রধান প্রধান সড়কের পানি নেমে যায়। তবে সেনবাড়ি সড়ক ও বাউন্ডারি সড়কের ছোট ছোট গলিগুলোতে জলাবদ্ধতা রয়ে যায়।
ময়মনসিংহ পৌরসভার স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার বলেন, ‘ভারী বৃষ্টি হলে পানি নেমে যাওয়ার জন্য যেসব নালা আছে সেগুলো ভারী বৃষ্টিতে উপচে যাওয়ায় একটু সময় লাগে। তবে এটা নিয়েও আমাদের পরিকল্পনা আছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে শহরের কোনো সড়কেই আর জলাবদ্ধতা হবে না।’