ভারী বর্ষণে ৭৫ হেক্টরের ফসল পানির নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গত রোববার রাতভর ভারী বর্ষণে নেমে আসা পাহাড়ি ঢলে ৭০ হেক্টর জমির বোরো ফসল ও পাঁচ হেক্টর জমির সবজি তলিয়ে গেছে। ধলাই ও লাঘাটা নদীর পানি বিপৎসীমা বরাবর প্রবাহিত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গতকাল সোমবার রাত আটটার দিকেও মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। এর আগে রোববার সারা দিন থেমে থেমে বৃষ্টি হলেও রাতের ভারী বৃষ্টিতে পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে ও সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের আন্ডর বাঁধ ভেঙে ইসলামপুর, আদমপুর, আলীনগর, মাধবপুর ও কমলগঞ্জ সদর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার উঠতি বোরো ফসল ও সবজিখেত তলিয়ে যায়। ঝড়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় গাছ পড়ে একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। আটটি স্থানে তার ছিঁড়ে ও বেশ কিছু ইনসুলেটর ভেঙে বৈদ্যুতিক লাইনের ক্ষতি হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শামছুদ্দীন আহমদ বলেন, ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢলের পানিতে ৭০ হেক্টর জমির উঠতি বোরো ফসল ও পাঁচ হেক্টর জমির সবজি তলিয়ে গেছে। তবে দ্রুত পানি নেমে গেলে বোরো ও সবজির তেমন ক্ষতি হবে না।