ভারী বৃষ্টি মানেই আতঙ্ক
‘বৃষ্টি নামলেই আতঙ্ক বাড়ে। একটানা আধঘণ্টা ভারী বৃষ্টি হলেই খালের পানি উপচে ঘরে ঢুকবে। তাই বৃষ্টি শুরু হওয়ার পর থেকে প্রস্তুতি নিই। জিনিসপত্র উঁচু জায়গায় তুলে রাখি। ধীরে ধীরে খালের পানি বাড়ে, আমরা হা-হুতাশ করতে থাকি। বৃষ্টি না থামলে আর রক্ষে নেই।’
মিরপুরের সাংবাদিক আবাসিক এলাকার খালের পূর্ব পাশের আদর্শ নগর এলাকার বাসিন্দা নুরজাহান আক্তার এভাবেই বর্ষার মৌসুমে তাঁদের পানিবন্দী হওয়ার কথা বর্ণনা করেন। খালটি মিরপুর ১১ নম্বর ই-ব্লক এলাকার। এটি মিরপুর কালশী সড়কের দ্য ইঞ্জিনিয়ার্স সিভিল টাওয়ারের পশ্চিম পাশের কালভার্ট থেকে মিরপুর ১১ নম্বরের ৪ নম্বর অ্যাভিনিউয়ের শেখ কামাল উচ্চবিদ্যালয়ের উত্তর পাশের কালভার্ট পর্যন্ত বিস্তৃত। খালের পশ্চিম পাশে আছে সাংবাদিক কলোনি আর পূর্ব পাশে আদর্শ নগর। আবর্জনার গন্ধ মিশে আছে দুই এলাকার বাতাসে।
আদর্শ নগরের বাসিন্দা মো. মিন্টু বলেন, ‘গন্ধে বসা যায় না। এ বছর চার-পাঁচবার পানি উঠছে। খালের পানি উপচে রাস্তা ডুবে যায়। হাঁটাচলা করা যায় না। ঘরের মধ্যেও পানি ওঠে।’
গতকাল সোমবার সেখানে গিয়ে দেখা যায়, খালের দুই-তৃতীয়াংশই ভরে আছে ভারী আবর্জনায়। প্লাস্টিক, প্লাস্টিকের মোড়ক, পলিথিন, কাপড়, সেলুনের ময়লা, বোতল, গৃহস্থালি বর্জ্য, বস্তা, পানির জার, কাগজসহ নানা রকম বর্জ্যে ছেয়ে আছে খাল। খালের পূর্ব পাশে ছড়ানো-ছিটানো আবর্জনার স্তূপ। খাল দিয়ে তেমন পানি প্রবাহিত হচ্ছে না। আবর্জনার স্তরের ওপর কাদার প্রলেপ। স্থানীয় লোকজন জানান, বালুর মাঠ, মুসলিম বাজার, ১১, সাড়ে ১১ ও ১২ নম্বর, সিটি ক্লাব, ই-ব্লক বাজার, ১২ নম্বর পার্ক এলাকা, স্ট্যান্ডার্ড গার্মেন্টসের আবর্জনাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ভেসে আসা ময়লা কালভার্ট পার হয়ে এই খালে আটকে যায়। বের হতে পারে না। খালটি এখন আবর্জনার স্তূপ।
আরেক এলাকাবাসী রায়হান শরিফ বলেন, ‘খাল পরিষ্কার করে ময়লাগুলো পাড়ে ফেলে গেছে। কয়েক মাস পার হলেও কেউ তা নিয়ে যায়নি। বৃষ্টি আর বাতাসে ওই তুলে রাখা ময়লাই আবার খালে গিয়ে পড়ছে।’
স্থানীয় এক ব্যক্তি প্রথম আলোকে জানান, চলতি বছরই দুবার খাল পরিষ্কার করা হয়েছে। কিন্তু খনন করা হয়নি। খালের নিচে জমে থাকা কাদা উত্তোলন করা হয়নি। এর ফলে খাল পরিষ্কার করা হলেও বৃষ্টির দিনে জলাবদ্ধতার সমস্যা থেকেই গেছে। খাল থেকে তোলা আবর্জনা স্তূপ করে খালপাড়েই রাখা, সরানো হয়নি।
খালটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। বিষয়টি জানালে সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপক মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘যদিও ওই ময়লা সরানোর দায়িত্ব ওয়াসার। তারপরও জনস্বার্থে আমরা ওগুলো সরিয়ে নেওয়ার ব্যবস্থা করব।’
খালপাড় ঘুরলে আরও চোখে পড়ে স্থানীয় বাসিন্দাদের আবর্জনা ফেলার দৃশ্য। স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিষয়টি জানেন। জানা যায়, বৃষ্টির দিনে খালপাড় এলাকার বাসিন্দাদের ভোগান্তি চরমে ওঠে। ৩০-৪০ মিনিট ভারী বৃষ্টি হলে দুপাড় ছাপিয়ে নোংরা পানিতে ভেসে যায় পার্শ্ববর্তী দুই এলাকা। আবর্জনা ও ময়লা পানিতে সড়ক ও ঘরদোর তলিয়ে যায়। নষ্ট হচ্ছে ঘরের আসবাব, বিছানাপত্র। রোগাক্রান্ত হচ্ছে বাচ্চারা।
খালটির দায়িত্ব ঢাকা ওয়াসার। বিষয়টি জানালে ওয়াসার ড্রেনেজ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কে এস চিং প্রথম আলোকে বলেন, ‘ঢাকার পাঁচটি খালের অধিগ্রহণ ও খনন বিষয়ে একটি প্রকল্পের কাজ চলছে। ওই প্রকল্পের মধ্যে সাংবাদিক আবাসিক এলাকা খালের উল্লিখিত অংশটি আছে। প্রকল্প অনুমোদন পেলে কাজ শুরু হবে। তবে, সময় লাগবে।’