ভারী বৃষ্টিতে চট্টগ্রামে আবার জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতভর ভারী বৃষ্টিপাতে নগরের বেশির ভাগ এলাকা হাঁটু থেকে বুকসমান পানিতে তলিয়ে গেছে। শনিবার রাত সাড়ে ১১টা থেকে এই বৃষ্টি শুরু হয়। গতকাল রোববার সকাল পর্যন্ত তা অব্যাহত ছিল। দুপুর থেকে বৃষ্টি থেমে গেলেও আগামী ২৪ ঘণ্টায় আরও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর।আবহাওয়া দপ্তর গতকাল রোববার দুপুর ১২টা পর্যন্ত নগরে ১৯৫ দশমিক ৭ মিলিমিটার (আমবাগান কেন্দ্র) বৃষ্টিপাত রেকর্ড করেছে। এর আগে গত ২৬ জুন নগরে রেকর্ড প্রায় সাড়ে ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। সেবার চট্টগ্রামের বেশির ভাগ এলাকা জলমগ্ন হয়ে পড়ে এবং পাহাড়ধসে ২৬ জন নিহত হয়। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা থেকে থেমে থেমে হালকা বৃষ্টি শুরু হয়। তবে রাত সাড়ে ১১টা থেকে ভারী বৃষ্টিপাত হতে থাকে। মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হয়। মুষলধারে টানা বর্ষণে রাতেই নগরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। পানি ঢুকে পড়ে বিভিন্ন বাসাবাড়ি ও দোকানপাটেও। বৃষ্টিতে নগরের বহদ্দারহাট, চান্দগাঁও আবাসিক এলাকা, মুরাদপুর, কাপাসগোলা, ষোলশহর, চকবাজার, চাক্তাই, বাকলিয়া, হালিশহর, আগ্রাবাদ, মোগলটুলী, পাঁচলাইশসহ বিভিন্ন এলাকা হাঁটু থেকে বুকসমান পানিতে তলিয়ে যায়। এসব এলাকার মানুষ দুর্ভোগে পড়ে। চকবাজারের দোকানদার রফিকুল ইসলাম জানান, রাতে বৃষ্টি শুরু হওয়ার পর এক ঘণ্টার মধ্যে রাস্তাঘাট উপচে দোকানে পানি ঢুকে পড়ে। এর পর সারা রাত এই পানি ছিল। ভোররাতে বৃষ্টি একটু কমলে পানি দোকান থেকে নেমে যায়। কিন্তু সকালের ভারী বৃষ্টিতে আবার দোকান ও আশপাশের বাসায় পানি ঢুকে পড়ে। সরেজমিনে দেখা গেছে, নগরের কাপ্তাই রাস্তার মাথা থেকে বহদ্দারহাট পর্যন্ত কোথাও কোমরসমান এবং কোথাও হাঁটুসমান পানি। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগের শিকার হন অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানগামী লোকজন। এ ছাড়া নগরের বিভিন্ন সড়কে পানি ওঠার কারণে যানবাহন চলাচল সীমিত হয়ে পড়ে। এদিকে বেলা ১১টা থেকে বৃষ্টি থেমে যায়। দুপুরের দিকে রোদ উঠলেও আবহাওয়া দপ্তর আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে স্কুলেও পানি ঢুকে পড়ে। প্রায় কোমর পরিমান পানি ঢুকে যায় বাকলিয়া সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষে। ফলে দ্বিতীয় সাময়িক পরীক্ষা স্থগিত করে স্কুল কর্তৃপক্ষ। প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদুল আলম বলেন, ‘আমাদের আজ (গতকাল) দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রথম দিন ছিল। কিন্তু কোমর সমান পানি হয়ে যাওয়ায় পরীক্ষা স্থগিত করি। এখনও (সন্ধ্যায়) শ্রেণী কক্ষ থেকে পানি পুরোপুরি নামেনি। কালকের (আজ সোমবার) পরীক্ষা নেওয়া সম্ভব হবে কিনা বলতে পারছি না।’