
ভারী বৃষ্টি অব্যাহত থাকায় গতকাল রোববার চট্টগ্রাম ও ফেনীর নতুন এলাকা প্লাবিত হয়েছে। চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী, রাঙ্গুনিয়া, বোয়ালখালী এবং ফেনীর দাগনভূঞায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, ভারী বর্ষণে চট্টগ্রামের আনোয়ারার রায়পুর, জুঁইদণ্ডী, বরুমচড়া ও বারখাইন ইউনিয়নের শঙ্খের ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করেছে ১১টি গ্রামে। ওই গ্রামগুলোতে জোয়ার-ভাটার সময় পানি ওঠা-নামা করছে। পাশাপাশি জলমগ্ন হয়ে আছে পূর্ব আনোয়ারার পরৈকোড়া, চাতরী, আনোয়ারা সদর ও হাইলধর ইউনিয়নের ১৩টি গ্রাম।
গতকাল বেলা একটার সময় রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরার ফকিরহাট এলাকায় গিয়ে দেখা যায়, ভাঙা বেড়িবাঁধ দিয়ে শঙ্খের পানি লোকালয়ে প্রবেশ করছে।
উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ইছমাইল বলেন, রোববার দুপুরে জোয়ারের পানি বাড়ায় পুরো গ্রাম তলিয়ে গেছে। জোয়ারের পানি ওঠা-নামা করায় এখন এলাকার লোকজনের ভোগান্তি চরমে পৌঁছেছে।
আনোয়ারা উপজেলা ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হোসেন বলেন, উপজেলার উপকূলীয় এলাকায় ভাঙা বাঁধ দিয়ে পানি প্রবেশ করছে। পাশাপাশি পূর্ব আনোয়ারার নিচু এলাকাও জলমগ্ন হয়ে পড়েছে। এখনো ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়নি।
এ ব্যাপারে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আনোয়ারার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী কাইছার উদ্দিন প্রথম আলোকে বলেন, আনোয়ারা উপকূলের ২০০ মিটার এলাকার খোলা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করেছে। কিছু কিছু স্থানে বেড়িবাঁধ নিচু হওয়ায় পানি উপচে পড়ছে।
তিনি বলেন, আনোয়ারা উপকূল রক্ষায় ইতিমধ্যে সরকার আড়াই শ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বর্ষা শেষ হলেই কাজ শুরু হবে।
ভারী বর্ষণে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি, চাম্বল, শেখেরখীল, পুকুরিয়া এবং শীলকূপ ইউনিয়ন প্লাবিত হয়েছে। এই ৫ ইউনিয়নের ২২টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুঁইছড়ি এবং শেখেরখীল ইউনিয়ন।
পুঁইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান সোলতান গণি চৌধুরী বলেন, পাহাড় থেকে নেমে আসা ঢলে এই ইউনিয়নের মিরাপাড়া, জঙ্গল নাপোড়া, মিয়ারঘোনা, আবদুরপাড়া, পাইরাং কাটা, মওলারপাড়া, হাইদছড়িঘোনা, আলেশ্বঘোনা, নোয়াপাড়া রাহাত আলীপাড়া, কোনাপাড়া ও দাশপাড়ার প্রায় দুই শ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
বাঁশখালী পাউবোর নির্বাহী প্রকৌশলী খ ম জুলফিকার তারেক বলেন, বাঁশখালীতে নষ্ট স্লুইসগেট পর্যায়ক্রমে সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
টানা বর্ষণ ও কর্ণফুলী নদীর পানি বাড়ায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পৌর এলাকা ও ১৫ ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হয়েছে। ডুবে গেছে ঘরবাড়ি, পুকুর ও ধানখেত। উপজেলার গুমাই বিল, পারুয়া বিল, পদুয়া বিল, রইস্যা বিল, তালুকদার বিল, নিশ্চিন্তাপুর বিল, তৈলাভাঙা বিল, শিলক, সরফভাটা, বেতাগীসহ অধিকাংশ নিম্নাঞ্চলের ফসলের খেত তলিয়ে গেছে। চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কিছু অংশসহ উপজেলার অভ্যন্তরীণ সড়কগুলো প্লাবিত হয়েছে।
ভারী বর্ষণ ও জোয়ারে চট্টগ্রামের বোয়ালখালীর বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। কর্ণফুলী নদীর পানি বেড়ে যাওয়ায় চরণদ্বীপ ইউনিয়নের বড়ুয়াপাড়া ও ঘাটিয়ালপাড়া এলাকার কয়েক শ পরিবারের লোকজন ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
ফেনীর পরশুরাম ফুলগাজী ছাগলনাইয়ায় বিভিন্ন এলাকা থেকে পানি নেমে গেলেও দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের তিনটি গ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এ গ্রামগুলোতে শতাধিক পরিবার সম্পূর্ণ পানিবন্দী হয়ে পড়েছে।