ভারী বৃষ্টিতে ধসে গেছে সড়ক
কয়েক দিনের ভারী বৃষ্টিতে গোয়ালন্দ-তাড়াইল সড়কের গোয়ালন্দ অংশের অন্তত ১০টি স্থান ধসে গেছে। ফলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সড়ক ও জনপথের ফরিদপুর ও রাজবাড়ী কার্যালয় থেকে জানা গেছে, ২০০৬-০৭ অর্থবছরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) গোয়ালন্দ-ফরিদপুর-তাড়াইল সড়কের জমিদার সেতু থেকে ১২ ফুট চওড়া ও নয় কিলোমিটার দীর্ঘ মাটির পেভমেন্ট নির্মাণ ও সিলকোটের কাজ করে। ২০১০-১১ অর্থবছরে গোয়ালন্দের ওই সেতু থেকে ফরিদপুরের হাট গজারিয়া পর্যন্ত সড়ক সংস্কারের জন্য একনেকে ৭৬ কোটি ৭৬ লাখ টাকার দুটি প্রকল্প পাস হয়। এর একটি প্রকল্পের ২৯ কিলোমিটার সড়কের সাইড প্রশস্ত ও ওভার-লে করতে ৩১ কোটি ২৫ লাখ ৭১ হাজার টাকার দরপত্র আহ্বান করা হয়। ফরিদপুরের ‘মেসার্স ওয়াহিদ মিয়া’ নামের একটি ঠিকাদারিপ্রতিষ্ঠান কাজটি পায়। ২০১২ সালের ১০ নভেম্বরের মধ্যে শেষ করার কথা ছিল। সড়কের গোয়ালন্দের অংশে রয়েছে ছয় কিলোমিটার। কাজের মেয়াদ শেষ হলেও ফরিদপুর অংশে কিছু মাটি ফেলা ছাড়া গোয়ালন্দের অংশে কোনো কাজই হয়নি।ফলে সম্প্রতি ভারী বর্ষণের কারণে গোয়ালন্দের ছয় কিলোমিটার অংশের উজানচর মৈজদ্দিন মোল্যার পাড়া ও ছব্দুলখার পাড়া এলাকায় মাটি ও কার্পেট ধসে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া গোয়ালন্দের জমিদার সেতু থেকে ছব্দুলখার পাড়া পর্যন্ত অন্তত ২০-২৫টি স্থানের মাটি ও কার্পেট ধসে গেছে। এর মধ্যে বড় ধরনের ধসের কারণে ঝুঁকিপূর্ণ রয়েছে ১০টি স্থান। এসব স্থান দিয়ে কোনো মাঝারি আকারের পণ্যবাহী গাড়িও যেতে পারছে না। গত শনিবার সকালে কাঠবোঝাই একটি নসিমন উল্টে খাদে পড়ে যায়। এ ব্যাপারে সওজের রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী সমীরণ রায় বলেন, ‘মূলত সড়কটির তদারকি করে থাকে ফরিদপুর সওজ। তার পরও যেহেতু আমাদের অংশে ছয় কিলোমিটার রয়েছে। তাই বিস্তারিত খোঁজখবর না নিয়ে কিছুই বলা যাবে না।’ ঠিকাদারিপ্রতিষ্ঠানের প্রকৌশলী ইমদাদ হোসেন বলেন, গত বছরের নভেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও পরবর্তী সময়ে আবেদন করে চলতি জুন মাস পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। এই জুনেও কাজ শেষ করা সম্ভব হবে না। তবে যেসব স্থানে ধসে গেছে সেখানে এক্সকাভেটর দিয়ে মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করে তোলা হচ্ছে।