ভারী বৃষ্টিতে রাঙামাটিতে আতঙ্ক

রাঙামাটিতে গতকাল সোমবার আবারও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। ভারী বৃষ্টিতে নতুন করে বিপর্যয়ের আশঙ্কায় আছে সেখানকার বাসিন্দারা। ১৩ জুন ভয়াবহ পাহাড়ধসের ২০ দিনের মাথায় নতুন করে পাহাড়ধসের ঘটনা ঘটলো।
গতকাল দুপুর ১২টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি ইউনিয়নের দেপ্পোছড়ি এলাকায় একটি পাহাড়ের অংশবিশেষ ধসে পড়ে। এতে প্রায় এক ঘন্টা ওই রাস্তায় যান চলাচল বন্ধ থাকে। দেপ্পোছড়ি এলাকা রাঙামাটি শহর থেকে ১২ কিলোমিটার দূরে।
প্রত্যক্ষদর্শী বিনোদ কুমার চাকমা বলেন, দেপ্পোছড়ি এলাকায় জরুরি কাজে হেঁটে যাচ্ছিলেন তিনি। হঠাৎ পাহাড়ের বিশাল একটি অংশ ধসে রাস্তার ওপর পড়ে। তখন রাস্তার ওই অংশে কেউ ছিল না। তবে রাস্তা আটকে যাওয়ায় দুপাশে অটোরিকশা ও মাইক্রোবাস আটকা পড়ে।
অটোরিকশা চালক সন্তোষ বিকাশ চাকমা বলেন, ‘যাত্রী নিয়ে ঘাগড়ায় যাওয়ার পথে দেপ্পোছড়িতে আটকা পড়ে প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। মাটি সরানোর পর যেতে পেরেছি। ঝুঁকির কারণে রাঙামাটি শহর থেকে ঘাগড়া পর্যন্ত ১৮ কিলোমিটার রাস্তায় চলাচলে ভয়ে থাকতে হয় বলে তিনি জানান।’
রাঙামাটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. আবু মুছা বলেন, রাঙামাটি-চট্টগ্রাম সড়কের শহর থেকে ১২ কিলোমিটার দূরে পাহাড়ধসে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। সওজের ১০ জন লোক ও একটি খননযন্ত্রের মাধ্যমে ধসে পড়া মাটি সরানোর কাজ করা হয়।
এর আগে ১৩ জুন পাহাড়ধসে আট দিন সারাদেশের সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন ছিল রাঙামাটি। এখনো চট্টগ্রাম-রাঙামাটি সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ আছে।
এদিকে গত রোববার রাত থেকে গতকাল বিকেল পর্যন্ত রাঙামাটিতে একটানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। রোববার সন্ধ্যা ছয়টা থেকে গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাঙামাটিতে ১০৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে স্থানীয় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে।
আবহাওয়ার পূর্বাভাসে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানার পর জেলা প্রশাসন রোববার সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত মাইকিং করে সবাইকে সতর্ক করে। রোববার রাতে ভারী বৃষ্টি শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে পাহাড়ধসের আতঙ্ক তৈরি হয়। কয়েকটি আশ্রয়কেন্দ্রে নতুন করে কিছু মানুষ আশ্রয় নিয়েছে বলে জেলা প্রশাসনের সূত্র জানিয়েছে। গতকাল সকালে শহরের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আশ্রয়কেন্দ্রে গিয়ে জানা গেছে, সেখানে নতুন করে দুটি পরিবার আশ্রয় নিয়েছে।
রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার খোন্দকার ইখতিয়ার উদ্দিন আরাফাত বলেন, গত রোববার থেকে বৃষ্টি হওয়ায় জেলা প্রশাসন রাঙামাটিতে মাইকিং করে স্থানীয়দের সতর্ক করেছে। যারা ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান বা বসবাস করছে তাদের নিরাপদ স্থানে কিংবা আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য বলা হয়েছে।
গত ১৩ জুন নজিরবিহীন পাহাড়ধসে একমাত্র রাঙামাটিতেই ১২০ জন মানুষ মারা যায়। আহত হয়েছিল অন্তত ৮৮ জন, যাদের অনেকে এখনো চিকিৎসাধীন আছে।
এদিকে প্রথম আলোর খাগড়াছড়ি প্রতিনিধি জানিয়েছেন, রোববার বিকেল থেকে ভারী বৃষ্টি শুরু হওয়ায় সোমবার সকালে খাগড়াছড়ি জেলা শহরের ঝুঁকিপূর্ণ স্থানগুলোয় মাইকিং করেছে প্রশাসন। ঝুঁকি নিয়ে বসবাসকারী ব্যক্তিদের আশ্রয়কেন্দ্রে চলে যেতে অনুরোধ করা হয়েছে। কিন্তু এ সতর্কবার্তা কানেই নিচ্ছে না ঝুঁকিতে বসবাস করা প্রায় ১ হাজার পরিবার। ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য খাগড়াছড়ি জেলা শহরে দুইটি, মানিকছড়িতে একটি, রামগড়ে একটি ও মহালছড়িতে একটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম বলেন, তিনি সোমবার সকালে জেলা শহরের কয়েকটি এলাকায় গিয়ে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে সরে যেতে অনুরোধ করেছেন।
গতকাল সকালে জেলা শহরের কলাবাগান, নেন্সিবাজার, শালবন, হরিনাথপাড়া গ্যাপ ও কুমিল্লাটিলা এলাকায় ঘুরে দেখা গেছে এই এলাকায় পাহাড়ের পাদদেশে ও খাড়া পাহাড়ে প্রায় ২২টি পরিবার বাস করছে। তারা কেউ আশ্রয়কেন্দ্রে যায়নি।
নেন্সিবাজার এলাকার মো. আব্দুল হাকিম বলেন, বছরের পর বছর ধরে পাহাড়ের নিচে আছেন। কোন দিন কিছু হয়নি। তাই ঘর ছেড়ে অন্য কোথাও যেতে চান না।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম বলেন, প্রয়োজনে আশ্রয়কেন্দ্র আরও বাড়ানো হবে।