ভারী বৃষ্টিতে সুনামগঞ্জে বন্যার অবনতির আশঙ্কা

দুই দফা বন্যায় বিপর্যস্ত সুনামগঞ্জে ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া সতর্কবাতা অনুযায়ী সুনামগঞ্জে আগামীকাল সোমবার থেকে ভারী বৃষ্টি হওয়ার কথা। কিন্তু দুই দিন আগে গতকাল শনিবার থেকে বৃষ্টি ঝরছে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৭০ মিলিমিটার। এ সময় সুরমা নদীর পানি বেড়েছে ২৭ সেন্টিমিটার। পানি বাড়ছে হাওরে।
দুই দফা বন্যায় কাহিল সুনামগঞ্জের হাওর এলাকার মানুষ। গত কয়েক দিনে পানি কিছুটা কমলেও মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাটে পানি রয়েছে। এখনো জেলা সদরের সঙ্গে তাহিরপুর, ছাতক ও জামালগঞ্জ উপজেলার সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। এর মধ্যে আবার শুরু হয়েছে ভারী বৃষ্টি।
আজ রোববার দুপুরে জেলা সদরের সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের সালামপুর এলাকায় দিয়ে দেখা গেছে পানি প্রবল বেগে সেতুর নিচ দিয়ে খরচার হাওরে ঢুকছে। এমনিতেই বন্যার পানিতে হাওর টইটম্বুর। এভাবে পানি বাড়তে থাকলে রাতেই এই সড়ক আবার প্লাবিত হতে পারে। সড়কের বিভিন্ন স্থানে বন্যার পানির তোড়ে ভাঙন দেখা দেওয়ায় সড়ক ও জনপথ বিভাগের লোকজন সংস্কারকাজ করছিলেন। সড়ক প্লাবিত হলে আবার ক্ষতিগ্রস্ত হবে।
বিশ্বম্ভরপুর উপজেলার বাঘমারা এলাকায় গিয়ে দেখা গেছে, বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কে বাঘমারা থেকে শক্তিয়ারখলা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক বন্যার পানিতে প্লাবিত। সড়কের কোথাও হাঁটু আবার কোথাও কোমরসমান পানি। মানুষজন বাঘমারা থেকে শক্তিয়ারখলা পর্যন্ত নৌকায় যাতায়াত করছেন। তাহিরপুর উপজেলায় যেতে বাঘমারা এলাকা ছাড়াও সড়কের তাহিরপুর অংশে আনোয়ারপুর এলাকায় আবার নৌকায় পারাপার হতে হয়। বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কে প্রায় এক মাস ধরে সরাসরি যান চলাচল বন্ধ।
বাঘমারা গ্রামের বাসিন্দা মহিবুর রহমান বলেন, ‘ইবারের বন্যাত ভোগান্তি অর বেশি। বন্যা ত আরও অইছে। কিন্তু অত লম্বা সময় বইন্যার পানি বাড়িঘর, রাস্তার উপর থাকছে না। অখন শুনলাম আবার পানি বাড়ব। আমরা ত ভয়ের মইধ্যে আছি।’
স্থানীয় শ্রীধরপুর গ্রামের বাসিন্দা দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সোহেল মিয়া জানান, শনিবার সন্ধ্যা থেকে ভারী বৃষ্টিতে আবার বন্যার পানি বাড়তে শুরু করেছে। এমনিতেই মানুষজন করোনার কারণে সংকটে আছেন। এখন বারবার বন্যায় মানুষ দিশেহারা হয়ে পড়েছেন।
উপজেলার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা স্বপন কুমার বর্মণ বলেন, ‘দুদফা বন্যায় মানুষজন একেবারে কাহিল। করোনার কারণে মানুষ এমনিতে বেকার। যা ধান পেয়েছিল সেগুলো বিক্রি করে এত দিন চলেছে। মানুষের তো আর চলার কোনো উপায় নেই। এখন আবার বাড়িঘরে পানি উঠলে মানুষ কোথায় যাবে। কীভাবে চলবে।’

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে প্রথম দফা বন্যা দেখা দেয় ২৫ জুন। এর সপ্তাহখানেক পর পরিস্থিতি যখন উন্নতি হচ্ছিল তখন ১০ জুলাই থেকে দ্বিতীয় দফায় বন্যা দেখা দেয়। এতে জেলার সব কটি উপজেলা বন্যাকবলিত হয়ে পড়ে। বাড়িঘর ও রাস্তাঘাট প্লাবিত হওয়ায় মানুষজন ভোগান্তিতে পড়েন। বন্যার সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনো জেলা সদরের সঙ্গে তাহিরপুর, ছাতক ও জামালগঞ্জ উপজেলার সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। মাঝখানে পানি কমতে শুরু করেছিল। কিন্তু শনিবার সন্ধ্যা থেকে আবার ভারী বৃষ্টি শুরু হয়েছে। এতে জেলার নদী ও হাওরে পানি বাড়ছে।
জেলা প্রশাসনের সর্বশেষ হিসাব অনুযায়ী, সুনামগঞ্জে বন্যায় ১ লাখ ৮ হাজার ১২৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার ২৩২টি আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত ২ হাজার ৩২৪টি পরিবার রয়েছে। জেলায় ১ হাজার ৪৮৯ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত বন্যার্তদের মধ্যে ৮৬৫ মেট্রিক টন চাল, ৫১ লাখ ৭০ হাজার টাকা, ৩ হাজার ৬০০ প্যাকেট শুকনো খাবার, ২ লাখ টাকার শিশুখাদ্য ও ২ লাখ টাকার গোখাদ্য বিতরণ করা হয়েছে। জেলার বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত আছে।
পাউবোর সুনামগঞ্জ কার্যালয়ের সহকারী প্রকৌশলী প্রীতম পাল জানান, শনিবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। এতে সুরমা নদীর পানি বাড়ছে। বৃষ্টি অব্যাহত থাকলে আজ রাতেই এই নদীর পানি আবার বিপৎসীমা অতিক্রম করতে পারে। অবনতি হতে পারে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির।