ভারী বৃষ্টিতেজলাবদ্ধতা
ভারী বৃষ্টিপাতের কারণে গতকাল রোববার চট্টগ্রাম নগরের বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এতে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ।
পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্র জানায়, গতকাল বেলা তিনটা পর্যন্ত ১০২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
বৃষ্টির কারণে নগরের কাপাসগোলা, বাকলিয়া, হালিশহর, বহদ্দারহাট, চান্দগাঁওসহ নগরের নিচু এলাকাগুলো জলমগ্ন হয়ে পড়ে।
দুপুরের দিকে বৃষ্টি থেমে গেলেও ২৪ ঘণ্টায় আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর সূত্র জানায়, মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।