ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতা
চট্টগ্রামে দুই দিন ধরে থেমে থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গতকাল শুক্রবার ২৪ ঘণ্টায় ১০৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে জলাবদ্ধতার পাশাপাশি নগরের খুলশীতে ইস্পাহানি পাহাড়ের কিছু অংশ ধসে পড়েছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে বৃহস্পতিবার রাত থেকে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। মৌসুমি বায়ু বিদায় নেওয়ার আগে এই বৃষ্টিপাত সাধারণের দুর্ভোগ বাড়িয়েছে।
বৃষ্টিতে নগরের প্রবর্তক মোড়, চকবাজার, বাকলিয়া, হালিশহর, আগ্রাবাদ সিডিএসহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এ সময় সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হয়। কোথাও কোথাও হাঁটু পরিমাণ পানি ওঠে। পতেঙ্গা আবহাওয়া দপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফরিদ আহম্মদ বলেন, ‘মৌসুমি বায়ু এখনো সক্রিয় থাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। তবে তা কিছুদিনের মধ্যে বিদায় নেবে। বিদায় নেওয়ার আগ মুহূর্তে থেমে থেমে এই ধরনের বৃষ্টি হতে পারে।’
খুলশীতে পাহাড়ধস: নগরের দক্ষিণ খুলশী ১ নম্বর সড়কে অবস্থিত ইস্পাহানি পাহাড়ের একটি অংশ ধসে পড়েছে। গতকাল শুক্রবার দুপুরে পাহাড়টির বিশাল বিশাল খণ্ড ধসে পার্শ্ববর্তী একটি বাড়ির সীমানাদেয়াল ভেঙে যায়।