ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি
চট্টগ্রামে শনিবার রাত থেকে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় আরও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল রোববার বেলা তিনটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৬৭ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।শনিবার রাত থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়। থেমে থেমে বৃষ্টি হলেও আকাশ মেঘলা রয়েছে। বৃষ্টির কারণে ঈদবাজারমুখী লোকজন দুর্ভোগের মধ্যে পড়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে এই বৃষ্টিপাত হচ্ছে বলে আবহাওয়াবিদেরা জানিয়েছেন। একই কারণে আগামী ২৪ ঘণ্টায় আরও ভারী বৃষ্টিপাত হবে বলে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। সতর্কবার্তায় বলা হয়, দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। এর প্রভাবে রোববার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।