ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও গোমতী সেতু ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় অতি ভারী যানবাহন পারাপারে নিয়ন্ত্রণ আরোপ করতে যাচ্ছে সরকার। এ জন্য ১৭ ডিসেম্বর থেকে ওজন নিয়ন্ত্রণকেন্দ্র চালু করা হবে।গতকাল সোমবার যোগাযোগ মন্ত্রণালয়ে মেঘনা সেতুতে ওজন নিয়ন্ত্রণসংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভা শেষে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ভারী যানবাহন চলাচল করলে সেতু দুটি যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে। মেঘনা, গোমতী ও কাঁচপুর—এ তিনটি সেতুর কোনোটি ধসে পড়লে চট্টগ্রামের সঙ্গে যোগাযোগব্যবস্থা ভেঙে পড়বে। দেশের অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই ওজন নিয়ন্ত্রণকেন্দ্র চালু করা হবে। নতুন স্বপ্ন দেখার আগে পুরোনো স্বপ্ন যেন দুঃস্বপ্নে পরিণত না হয়, সে জন্য এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।আগে থেকেই মেঘনা-গোমতী সেতুতে দুটি ওজন নিয়ন্ত্রণকেন্দ্র আছে। তবে এত দিন এগুলো বন্ধ ছিল।সড়ক ও জনপথ অধিদপ্তর বিশেষজ্ঞ দিয়ে সমীক্ষা চালিয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, মেঘনা সেতুর মাঝ বরাবর ছয়টি পিলারের (ভারবাহী স্তম্ভ) আশপাশে ৫২ থেকে ৬৫ ফুট পর্যন্ত জায়গার মাটি সরে গেছে। সেতুর অনেক সম্প্রসারণশীল সংযোগ ও বিয়ারিং অকেজো হয়ে পড়েছে। গোমতী সেতুরও সম্প্রসারণশীল সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কাঁচপুর সেতুটি অনেক পুরোনো হওয়ায় ঝুঁকি বেড়ে গেছে।জানা গেছে, গতকাল সভায় মেঘনা সেতুর মেরামতকাজ দ্রুত শুরু করার সিদ্ধান্ত হয়। এক মাসের মধ্যে মেঘনা সেতুর পাশে ফেরি চালু করারও সিদ্ধান্ত হয়েছে। কারণ, ওজন নিয়ন্ত্রণকেন্দ্র চালু করলে বিদ্যুেকন্দ্রের ভারী যন্ত্রপাতি পারাপার বন্ধ হয়ে যাবে। তাই অতি ভারী যন্ত্রপাতি পরিবহনে ব্যবহূত যানবাহন ফেরিতে পারাপার করা হবে।সভায় স্বরাষ্ট্র, নৌপরিবহন মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সড়ক পরিবহন খাতের নেতারা উপস্থিত ছিলেন।