চট্টগ্রাম নগরের ফিরিঙ্গীবাজার-সদরঘাট সড়কে ভারী যান চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়কের পাশে এ কর্মসূচি পালন করেন তাঁরা। মানববন্ধনে শিশুরাও অংশ নেয়।
বক্তারা বলেন, ২৮ ফুট প্রস্থের সড়ক দিয়ে কোনোভাবেই ভারী যান চলাচল করতে পারে না। কিন্তু দু-তিন বছর ধরে একটি মহল এই সড়ক ব্যবহার করে আসছে। ভারী যান চলাচল করার কারণে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে থাকতে হয়। জনদুর্ভোগ থেকে রেহাই দিতে ফিরিঙ্গীবাজার থেকে সদরঘাট সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ করতে হবে।
মানববন্ধনে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশিদ, রাউজান পৌরসভার মেয়র দেবাশীষ পালিত, নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ-বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর তারেক সোলেমান সেলিম ও ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ প্রমুখ।