
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ৪৫ কিলোমিটারে অতিরিক্ত পণ্যবাহী ট্রাক চলাচল করায় সড়কের এখন বেহাল অবস্থা। সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে ছোটখাটো দুর্ঘটনার পাশাপাশি ভোগান্তি পোহাচ্ছে মানুষ।
মাওয়া-জাজিরা পয়েন্টে পদ্মা সেতু নির্মাণের জন্য পাথর বহনকারী ট্রাক যাতায়াত করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে দাবি রাজবাড়ী সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষের।
সরেজমিনে দেখা যায়, রাজবাড়ী শহরের বড়পুল, নতুন বাজার, পাবলিক হেলথ মোড়, ফায়ার ব্রিগেড কার্যালয়, শ্রীপুর বাস টার্মিনাল, কল্যাণপুর, জুট মিল, আলাদিপুর, গোয়ালন্দ মোড়, চন্দনীসহ বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও রাস্তায় বড় ঢিবির মতো সৃষ্টি হয়েছে। এতে প্রায় প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি পাবলিক হেলথ মোড়ে একটি গরুর গাড়ি উল্টে যায়। এতে চার গরু ব্যবসায়ী আহত হন এবং তিনটি গরু ঘটনাস্থলেই মারা যায়।
সওজ রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলার আলাদিপুর (গোয়ালন্দ মোড়) থেকে পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের শিয়ালডাঙ্গী এলাকা পর্যন্ত ৪৫ কিলোমিটার সড়ক রাজবাড়ীর অংশ। এই আঞ্চলিক মহাসড়কে ছয় চাকার পণ্যবাহী ট্রাকের সর্বোচ্চ ধারণক্ষমতা (গাড়ির ওজনসহ) ১৫ টন এবং ১০ চাকার ট্রাকের ক্ষেত্রে সর্বোচ্চ ধারণক্ষমতা ২২ টন।
চলতি মাসে সওজের এক জরিপে দেখা যায়, সড়কে প্রতিদিন ১০ চাকার ৪৫০ থেকে ৫০০টি ট্রাক চলাচল করে। এসব ট্রাকের ওজন ৫০ থেকে ৬০ টন। দিনাজপুর থেকে পদ্মা সেতুর জন্য এসব ট্রাকে পাথর আনা হচ্ছে। অন্যদিকে ছয় চাকার ট্রাক যাতায়াত করে ৯৮০ থেকে ১ হাজারটি। এসব ট্রাকের বেশির ভাগই বালু বহন করে; যেগুলোর ওজন সাধারণত ৪০ থেকে ৪৫ টন। এ ধরনের অতিরিক্ত পণ্যবাহী ট্রাক চলাচল করায় রাস্তায় বিভিন্ন অংশে খানাখন্দের সৃষ্টি হয়েছে।
রাজবাড়ীর বিনোদপুর এলাকার বাসিন্দা ফারুক উদ্দিন বলেন, পদ্মা সেতু তৈরির মালামাল ট্রেন বা নৌপথে নেওয়া হলে রাস্তার বেহাল দশা হতো না। এ ছাড়া সাধারণ যাত্রীদের দুর্ভোগও পোহাতে হতো না। ট্রাকচালক সেকেন্দার আলী বলেন, ‘নাটোর থেকে মালামাল নিয়ে গোয়ালন্দ যাচ্ছিলাম। ভোরে গাড়ির এক্সেল ভেঙে রাস্তায় চাকা বসে গেছে।’
সওজের রাজবাড়ীর উপবিভাগীয় প্রকৌশলী শাহরিয়ার রুমি বলেন, সড়কের ছয়টি স্থানে সাড়ে ৬০০ মিটার রাস্তায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। বেশির ভাগ স্থানে অতিরিক্ত পণ্যবাহী ট্রাক চলাচলের কারণে এ অবস্থা হয়েছে। বিষয়টি ১৪ সেপ্টেম্বর জেলার উন্নয়ন সমন্বয় সভায় উত্থাপন করা হয়েছে। এ ছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও লিখিতভাবে জানানো হয়েছে।