ভারী যান চলায় মহাসড়ক বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিরিক্ত ওজনের যানবাহন চলাচল করায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের অনেক স্থানে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। কিছু স্থানে পিচঢালাই উঠে গিয়ে সড়ক উঁচু-নিচু হয়ে আছে। এতে এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছে হাজার হাজার মানুষ।
স্থানীয় লোকজনের অভিযোগ, সড়ক রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ যথাযথ ব্যবস্থা না নেওয়ায় সড়কের রাজবাড়ীর জেলা সদরের গোয়ালন্দ মোড় থেকে পাংশা উপজেলার শিয়ালকাঠি পর্যন্ত অংশের এই করুণ দশা হয়েছে। তবে সওজ এই অভিযোগ অস্বীকার করেছে।
সওজ রাজবাড়ী কার্যালয় সূত্রে জানা গেছে, সড়কের রাজবাড়ী অংশের দৈর্ঘ্য ৪৫ কিলোমিটার। এর মধ্যে জেলা সদরের গোয়ালন্দ মোড় থেকে শহরের মুরগির খামার এলাকা পর্যন্ত ১২ কিলোমিটার অংশের কয়েকটি স্থানে প্রায় ৪৫০ মিটার এবং বাকি সড়কের আরও প্রায় ৩৩ কিলোমিটার এলাকার বিভিন্ন স্থানের ১৫০ মিটার পিচ উঠে পাথর ও খোয়া বের হয়ে আছে।
সওজ রাজবাড়ীর উপবিভাগীয় প্রকৌশলী ক্যারিয়ার রুবি প্রথম আলোকে বলেন, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ধারণ ক্ষমতা সাড়ে ২২ টন। কিন্তু এখানে ভারী পাথর, ভেজা বালুসহ ৫৯ টন ওজনের পণ্য নিয়ে ট্রাক চলাচল করছে। ধারণ ক্ষমতার চেয়ে প্রায় তিন গুণ বেশি ওজনের পণ্য পরিবহনের কারণে রাস্তার অবস্থায় শোচনীয় হয়েছে।
সম্প্রতি সরেজমিন দেখা গেছে, ৪৫ কিলোমিটার দীর্ঘ সড়কের রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সামনের অংশে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ ছাড়া সড়কের কামালদিয়া, আলাদীনগর, আলীপুর, আহ্লাদিপুর, গোয়ালন্দ মোড় ও শহরের মুরগির ফার্ম এলাকার অবস্থাও শোচনীয়। এসব এলাকায় চলাচলের সময় গাড়ির ঝাঁকুনিতে যাত্রীদের শরীরে ব্যথা হয়ে যায়।
কামালদিয়ার বাসিন্দা যোছন ব্যাপারী বলেন, প্রতিদিন সহস্রাধিক ট্রাক বালু-পাথর বোঝাই করে চলাচল করে। বড় বড় গাড়িতে করে মালামাল আনা-নেওয়া করায় রাস্তা ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ ছাড়া এই সড়ক দিয়ে কয়েক শ যাত্রীবাহী বাসও
চলাচল করে।
রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সামনে ছবি তোলার সময় অটোরিকশাচালক আলামিন মিয়া বলেন, ‘ভাই ছবি তুলে লাভ কী? কতজন তো ছবি তুলল, কিছুই তো হলো না। প্রতিদিন যাত্রীরা গালাগালি করতে করতে যায়।’
ট্রাকচালক সোহেল রানা বলেন, ‘পাথর ও বালুবোঝাই বড় বড় ট্রাকের কারণে রাস্তার কার্পেটিং উঠে পাথর বের হয়ে গেছে। এমনকি সড়কের অনেক স্থানে থাকা গর্তে গাড়ির চাকা পড়ে যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। অথচ তাদের (ট্রাকচালক) কে মানা করবে।’
যথাযথভাবে রক্ষণাবেক্ষণ না করার অভিযোগের বিষয়ে সওজ রাজবাড়ীর উপবিভাগীয় প্রকৌশলী শাহরিয়ার রুমি বলেন, এটা তাঁদের দায়িত্বের মধ্যে পড়ে না। সড়ক সংস্কারের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, মহাসড়কের প্রায় ৪৫ কিলোমিটারসহ জৌকুড়া-ধাওয়াপাড়া ফেরিঘাট সড়ক উন্নয়ন, মজবুতকরণ ও সংস্কারকাজের জন্য ৭-৮ মাস আগে প্রায় ৩৫০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব তৈরি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।