ভারী যানবাহন উৎপাদনে যৌথ বিনিয়োগে আগ্রহী বেলারুশ
বাংলাদেশে ভারী যানবাহন ও নির্মাণ যন্ত্রপাতি উৎপাদনে যৌথ বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বেলারুশের শিল্পপ্রতিষ্ঠান আমকদর। প্রতিষ্ঠানটি বাংলাদেশের সার্বিক কৃষি উৎপাদন ব্যবস্থার যান্ত্রিকীকরণে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা করবে।
সফররত বেলারুশের ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা প্রতিনিধিদল আজ সোমবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠককালে এ আগ্রহের কথা জানায়। বরিশাল শহরের বগুড়া রোডে শিল্পমন্ত্রীর বাসভবনে এ বৈঠক হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বেলারুশ জাতীয় সংসদের স্থায়ী কমিটির ডেপুটি চেয়ারম্যান ও আমকদরের প্রধান সাকোটিন আলেকজান্ডার।
বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জামাল আব্দুল নাসের চৌধুরী, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান ইমতিয়াজ হোসেন চৌধুরী, বেলারুশ প্রতিনিধিদলের সদস্য সুলিয়াক সিয়ারাই, পজনিয়াক আন্দ্রেই এবং বাংলাদেশের আরএমএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অনিরুদ্ধ কুমার রায় ও প্রকৌশলী কিশোলয় পাল উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশের শিল্প খাতে বেলারুশের সরাসরি ও যৌথ বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা শিল্পমন্ত্রীকে জানান, আমকদর বেলারুশের রাষ্ট্রায়ত্ত একটি খ্যাতনামা ভারী যন্ত্রপাতি ও যানবাহন নির্মাতাপ্রতিষ্ঠান। এর উৎপাদিত ট্রাক্টর, ভারী ট্রাক, খনন, কৃষি ও সড়ক নির্মাণ যন্ত্রপাতি বেলারুশ ছাড়াও সিআইএসভুক্ত দেশগুলোতে বিপুল পরিমাণে বিক্রয় হচ্ছে। প্রতিবছর এ প্রতিষ্ঠান পাঁচ হাজারের বেশি ভারী যন্ত্র ও যানবাহন উৎপাদন করছে। তারা বাংলাদেশে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ, বায়ো ফার্টিলাইজার উৎপাদন, মহাসড়ক ও বিমানবন্দর নির্মাণ, ফার্নিচার এবং সেবা প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত শিল্প খাতে বিনিয়োগে আগ্রহী বলে জানান।
শিল্পমন্ত্রী তাঁর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেলারুশ সফরের ধারাবাহিকতায় বাংলাদেশ সফরের জন্য প্রতিনিধিদলের সদস্যদের ধন্যবাদ জানান। তিনি একাত্তরের স্বাধীনতাযুদ্ধ এবং যুদ্ধ-পরবর্তী সময়ে বাংলাদেশের পুনর্গঠনে সোভিয়েত ইউনিয়নের ভূমিকার প্রশংসা করেন। তিনি বাংলাদেশে ভারী যানবাহন ও নির্মাণ যন্ত্রপাতি উৎপাদনে তাদের বিনিয়োগ আগ্রহকে স্বাগত জানান।
আমির হোসেন আমু বলেন, উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দেশে পদ্মা সেতু, বিভাগীয় ও জেলা শহরগুলোতে উড়ালসেতুসহ বিভিন্ন ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। এতে দেশে হালকা ও ভারী যানবাহনের চাহিদা বেড়েছে। বাংলাদেশে নির্মাণ যন্ত্রপাতি ও ভারী যানবাহন উৎপাদন খাতে যৌথ বিনিয়োগে এগিয়ে এলে উভয় দেশ লাভবান হবে বলে তিনি মন্তব্য করেন।
শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে খাদ্য উৎপাদন বাড়াতে সরকার আধুনিক কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। কৃষি উৎপাদন-সংশ্লিষ্ট যন্ত্রপাতি উৎপাদনকারী শিল্পকারখানাকে কর রেয়াতসহ বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে। এ খাতে বিনিয়োগ করলে বেলারুশের উদ্যোক্তাদেরও একই সুযোগ দেওয়া হবে। তিনি উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড, কর্ণফুলী পেপার মিলস, চিনিকলসহ রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের আধুনিকায়নে বেলারুশের উদ্যোক্তারা বিনিয়োগ করতে পারেন বলে অভিমত দেন। দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে যৌথ বিনিয়োগের ক্ষেত্রগুলো চিহ্নিত করা হবে বলে তিনি জানান।