রাষ্ট্রপতির সঙ্গে বেলারুশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
ভারী শিল্প প্রতিষ্ঠায় সহায়তা করবে বেলারুশ
বেলারুশের প্রধানমন্ত্রী মিখাইল ভি মিয়াসনিকোভিস গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি বলেন, হাইটেক প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে ভারী শিল্প প্রতিষ্ঠায় বাংলাদেশকে সহযোগিতা করতে তিনি অত্যন্ত আগ্রহী।বেলারুশের প্রধানমন্ত্রীকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, মিয়াসনিকোভিসের সফর ভবিষ্যতে বাংলাদেশ ও বেলারুশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করবে। বেলারুশের প্রধানমন্ত্রী সফরকালে বাংলাদেশের সঙ্গে তাঁর দেশের সম্পাদিত সাতটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান। তিনি বলেন, এসব চুক্তি ও সমঝোতা স্মারক শিগগিরই কার্যকর হবে। পেশাগত জীবনে প্রকৌশলী বেলারুশের প্রধানমন্ত্রী বলেন, তাঁর দেশ বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ে একটি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠায় আর্থিক সহায়তা দেবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন: রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ রাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে তাঁর মেডিকেল চেকআপ সম্পন্ন হবে।তিনি ১৯ নভেম্বর সোমবার রাতে দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। রাষ্ট্রপতির সচিব ও ব্যক্তিগত চিকিৎসকেরা সফরসঙ্গী হবেন।