ভার্চুয়াল কোর্টে শতাধিক জামিন আবেদন, ১৪৪ জনের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

করোনা ভাইরাসের সংক্রমন রোধে সরকার ঘোষিত ছুটি ও অবকাশকালে শারীরিক উপস্থিতি ছাড়া তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আদালতের বিচার কার্যক্রম চলছে। আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত হাইকোর্টের একটি বেঞ্চে ইমেইলের মাধ্যমে প্রায় ১৩০টি জামিন আবেদন জমা পড়েছে।

এ দিকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে বিচারকাজ পরিচালনার জন্য আরও একটি হাইকোর্ট বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। প্রধান বিচারপতির আদেশক্রমে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুসারে বিচারপতি জে বি এম হাসানকে অতি জরুরি সব ধরনের ফৌজদারি মোশন ও তৎসংক্রান্ত জামিন আবেদন শুনানির দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে ১০ মে প্রধান বিচারপতি হাইকোর্ট বিভাগের তিনটি বেঞ্চ গঠন করে দেন। এ নিয়ে বেঞ্চ সংখ্যা দাড়াল চারে। করোনা ভাইরাসের সংক্রমন রোধে সরকার ঘোষিত ছুটি ও হাইকোর্টের অবকাশ ও পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত বিচারকাজ পরিচালনার জন্য এসব বেঞ্চ গঠন করা হয়।

এর আগে তিনটি বেঞ্চ গঠন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমন রোধ কল্পে এবং শারীরিক উপস্থিতি ব্যতিরকে সাধারণ ছুটিকালীন ও হাইকোর্ট বিভাগের অবকাশকালীন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত “আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ ২০২০” এবং এই কোর্ট কর্তৃক জারি করা প্র্যাকটিস ডাইরেকশন অনুসরন করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য প্রধান বিচারপতি নিম্নরূপ বেঞ্চসমূহ গঠন করেছেন। বিচারপতি ওবায়দুল হাসান অতি জরুরী সব ধরনের রিট ও দেওয়ানী মোশন এবং তৎসংক্রান্ত আবেদনপত্র গ্রহণ করবেন। অতিজরুরি সব ধরনের ফৌজদারী মোশন এবং তৎসংক্রান্ত জামিনের আবেদনপত্র গ্রহণ করবেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম। বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার সাকশেসন আইন, অ্যাডমিরালিটি কোর্ট আইন, ব্যাংক কোম্পানী আইনসসহ কয়েকটি আইনের অধীনে আবেদনপত্র গ্রহণ ও আপিল শুনানি গ্রহণ করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

হাইকোর্টে শতাধিক জামিন আবেদন:

এর ধারাবাহিকতায় আদালতের কার্যক্রম শুরু হয়। ইমেইলের মাধ্যমে আইনজীবীরা সংশ্লিষ্ট বেঞ্চে আবেদন জমা দেন। গতকাল বিচারপতি ওবায়দুল হাসানের হাইকোর্টের বেঞ্চে একটি রিট জমা পড়ে, যার ওপর আজ শুনানি হয়। তথ্য-প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল উপস্থিতিতে পক্ষ শুনানিতে অংশ নেয়। শুনানি নিয়ে আদালত হালদা নদীতে ডলফিন শিকার বা হত্য যাতে না করতে পারে সেজন্য অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। দেশের বিচার বিভাগের ইতিহাসে উচ্চ আদালতে ভার্চুয়াল উপস্থিতিতে শুনানি নিয়ে দেওয়া প্রথম আদেশ এটি। আজ এই বেঞ্চে দুটি রিট আবেদন ইমেইলের মাধ্যমে জমা দেন আবেদনকারীদের আইনজীবী, তবে গুরুত্ব বিবেচনায় তা শুনানির জন্য গ্রহণ করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অন্যদিকে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের বেঞ্চে গতকাল ১৬ টি জামিন আবেদন জমা পড়ে। আর আজ ১৩০টির মতো আবেদন এই বেঞ্চে ইমেইলের মাধ্যমে জমা দিয়েছেন আবেদনকারীদের আইনজীবীরা। এর মধ্যে ১৭ টি আবেদন আগামীকাল শুনানির জন্য আসবে বলে জানিয়েছেন আদালত সংশ্লিষ্ট একটি সূত্র।

অধস্তন আদালতে ১৪৪ জনের জামিন:

এর আগে ১০ মে অপর এক বিজ্ঞপ্তিতে অধস্তন আদালতে শুধু জামিন সংক্রান্ত বিষয়সমূহ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে নিষ্পত্তি করার উদ্দেশ্যে আদালতের কার্যক্রম পরিচালনা জন্য নির্দেশ দেওয়া হয়। প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সেদিন ওই তথ্য জানানো হয়। এরপর অধস্তন আদালতেও ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে জামিন আবেদন শুনানির প্রক্রিয়া শুরু হয়।

ভার্চুয়াল কার্যক্রম সম্পর্কে সুপ্রিম কোর্টের মুখপাত্র সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের হাইকোর্ট বেঞ্চ ই-মেইলের মাধ্যমে প্রায় দেড়শ জামিন আবেদন ইতিমধ্যে জমা পড়েছে। এ ছাড়া ঢাকা, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, ব্রাক্ষনবাড়িয়া, দিনাজপুর, ঠাকুরগাও, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও মাগুরার আদালত হতে বিভিন্ন মামলায় মঙ্গলবার ভার্চুয়াল উপস্থিতিতে শুনানির মাধ্যমে ১৪৪ জন জামিন পেয়েছেন।

ভার্চুয়াল কোর্ট প্রবর্তনের পূর্বাপর:

করোনাভাইরাসের সংক্রমণজনিত উদ্ভুত পরিস্থিতিতে আদালতেও সাধারণ ছুটি চলছে। এমন প্রেক্ষাপটে ৯ মে 'আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০' শিরোনামে অধ্যাদেশ জারি করে সরকার। ফলে অডিও-ভিডিও বা অন্য কোনো ইলেকট্রনিক পদ্ধতিতে তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শারীরিক উপস্থিতি ছাড়া ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বিচারকাজ পরিচালনার সুযোগ তৈরি হয়।

অধ্যাদেশের বিধান অনুসারে আপিল বিভাগ বা ক্ষেত্রমতো হাইকোর্ট বিভাগ সময়ে সময়ে এ বিষয়ে প্রাকটিস নির্দেশনা (বিশেষ বা সাধারণ) জারি করতে পারবে বলা হয়। অধ্যাদেশে বলা হয়, জারি করা প্রাকটিস নির্দেশনা (বিশেষ বা সাধারণ) সাপেক্ষে অডিও-ভিডিও বা অন্য কোনো ইলেকট্রনিক পদ্ধতিতে বিচারপ্রার্থী পক্ষগণ বা তাদের আইনজীবী বা সংশ্লিষ্ট অন্য ব্যক্তি বা সাক্ষীগণের ভার্চুয়াল উপস্থিতি নিশ্চিতক্রমে যে কোনো মামলার বিচার বা বিচারিক অনুসন্ধান বা দরখাস্ত বা আপিল শুনানি বা সাক্ষ্য গ্রহণ বা যুক্তিতর্ক গ্রহণ বা আদেশ বা রায় প্রদান করতে পারবে। অধ্যাদেশ অনুসারে কোন ব্যক্তির ভার্চুয়াল উপস্থিতি নিশ্চিত করা হলে ফৌজদারি কার্যবিধি বা দেওয়ানি কার্যবিধি বা অন্য কোনো আইনের অধীন আদালতে তার স্বশরীরে উপস্থিতি বাধ্যবাধকতার শর্ত পূরণ হয়েছে বলে গণ্য হবে।

এর আগে ৭ মে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মন্ত্রিসভার ওই বৈঠকে অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ওই সিদ্ধান্ত জানান মন্ত্রপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতির জন্য এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সেদিন জানান মন্ত্রিপরিষদ সচিব। অধ্যাদেশটি কার্যকর হলে বিদ্যমান প্রেক্ষাপটে ভিডিও কনফারেন্সিংসহ অন্যান্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বিচার কার্যক্রম করা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে ২৪ এপ্রিল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হয়। সভায় অধ্যাদেশ জারির মাধ্যমে ভার্চুয়াল কোর্ট পরিচালনার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ জানানোর বিষয়েও সিদ্ধান্ত হয় বলে সভা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানান।

আর অধ্যাদেশ জারির পর আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের ক্ষেত্রে ভার্চুয়াল কোর্টের জন্য পৃথক প্রাকটিস ডাইরেকশন, আইনজীবীদের জন্য আমার আদালত (ভার্চুয়াল কোর্টরুম ব্যবহার) ম্যানুয়াল, অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শুধুমাত্র জামিন সংক্রান্ত বিষয়াদি ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি করতে বিশেষ প্রাকটিস নির্দেশনা এবং হাইকোর্টের ওইসব বেঞ্চে আবেদন করার জন্য ইমেইল ঠিকানা ১০ মে সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে প্রকাশ করা হয়। প্রাকটিস ডাইরেকশনসহ ম্যানুয়ালে ব্যবহারিক দিক-নির্দেশনা রয়েছে।