ভালাইপুরের সেই পানের হাট বসছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুরের সেই পানের হাট আজ শনিবার থেকে আবার বসছে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) জারি করা এক প্রজ্ঞাপনে গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করা হয়।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘আলোকদিয়া ইউনিয়নের ভালাইপুর হাট সরিয়ে আলমডাঙ্গা উপজেলার গোকুলখালীতে নেওয়া হচ্ছে বলে গুজব শোনা যাচ্ছে। কোনো মহল এ গুজব ছড়িয়ে হাট ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। আসলে হাট ভালাইপুর থেকে সরানো হয়নি। এই হাট ইতিমধ্যে ১৪১৮ সনের জন্য ইজারা দেওয়া হয়েছে। তাই কোনো গুজবে কান না দিয়ে ক্রেতা ও বিক্রেতা-সাধারণকে যথারীতি ভালাইপুর হাটে আসার অনুরোধ করা যাচ্ছে।’ অন্যান্য শনিবারের মতো ১৯ মার্চ শনিবার সকাল থেকে ব্যাপারিরা পান কিনতে আসেন ভালাইপুর হাটে। কিন্তু ইজারাদার ফটিক মিয়া ও তাঁর অনুসারীরা সেখানে গিয়ে ঘোষণা দেন, আজ থেকে এখানে পানের হাট বসবে না। এখন থেকে এ হাট বসবে আলমডাঙ্গা উপজেলার গোকুলখালী বাজারে। এ ঘোষণায় মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরদিন ২০ মার্চ ছিল এই হাটের দরপত্র দাখিলের দিন। এ বিষয়ে ২০ মার্চ প্রথম আলোয় ‘দরপত্রের আগের দিন হাটই উধাও!’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। পরদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা টীটন খীসা এবং আশপাশের তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা ভালাইপুর বাজার কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ভালাইপুর হাট রক্ষা কমিটি গঠিত হয়।