ভালুক-বিড়ালটিকে বাঁচানো গেল না
মানুষের হাতে আহত দুর্লভ প্রজাতির ভালুক-বিড়ালটিকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে গত মঙ্গলবার বিকেলে এটি মারা যায়।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন সূত্র জানায়, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ব্রাহ্মণগাঁওয়ের একটি বাড়িতে ২ জানুয়ারি ভালুক-বিড়ালটি ধরা পড়ে। পরে এটিকে আহত অবস্থায় উদ্ধার করে ৪ জানুয়ারি চিকিৎসার জন্য শ্রীমঙ্গলে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসা হয়।
বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, ভালুক-বিড়ালটিকে যখন নিয়ে আসা হয়, তখন অবস্থা বেশি খারাপ ছিল। প্রাণীটি মাথা তুলতে পারেনি। এখানে আনার পর চিকিৎসা ও সেবায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল। ওঠবস করছিল। কিন্তু প্রাণীটির খাবার গ্রহণ স্বাভাবিক হচ্ছিল না। এ অবস্থায় আরও উন্নত চিকিৎসার জন্য বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ভালুক-বিড়ালটিকে নিয়ে মঙ্গলবার বেলা ১১টার দিকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের উদ্দেশে রওনা হয়। কিন্তু গাজীপুর পৌঁছার আগেই বিকেল পাঁচটার দিকে প্রাণীটি মারা যায়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘আসলে ধরার সময় ওটাকে পেটানো হয়েছিল। মাথায় আঘাত পেয়েছিল। ময়নাতদন্তে মস্তিষ্ক ও যকৃৎ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি ধরা পড়েছে।’
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী অধিকারবিষয়ক সংগঠন প্রাধিকারের সভাপতি মনজুর কাদের চৌধুরী জানান, প্রাণীটির ইংরেজি নাম বিন্টুরং, বৈজ্ঞানিক নাম Arctictis binturong। এটিকে ভালুক-বিড়াল (বিয়ার-ক্যাট) বলা হয়। কারণ, প্রাণীটি ভালুক ও বিড়াল উভয়ের মতো দেখতে। বর্তমানে এটি শুধু বিরল নয়, বিপদগ্রস্ত একটি প্রাণী হিসেবে প্রকৃতিবিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইইউসিএনের লাল তালিকায় রয়েছে।