ভালুকসহ ৩১ প্রাণী ও পাখির ঠাঁই হলো সাফারি পার্কে
কিছু প্রাণী ও পাখিকে আটকে রেখে দর্শনার্থীদের জন্য প্রদর্শন করছিল নরসিংদীর একটি পার্ক কর্তৃপক্ষ। পরে সেগুলো জব্দ করে গতকাল বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নিয়ে আসে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট। আজ শুক্রবার সেগুলোর কয়েকটিকে অবমুক্ত করা হয়।
নরসিংদী জেলা সদরের আরশিনগর পার্ক ও মিনি চিড়িয়াখানায় এগুলোকে দীর্ঘদিন আটকে রেখে প্রদর্শন করা হচ্ছিল। আরশিনগর পার্কের মালিক মো. হারুনুর রশিদ। বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী উদ্ধার বন্য প্রাণী ও পাখিগুলোর মধ্যে রয়েছে ১টি কালো ভালুক, ৫টি সজারু, ১টি গন্ধগোকুল, ৪টি বানর, ১টি অজগর সাপ, ৩টি চিল, ১টি শকুন, ১৩টি বক ও ২টি বালিহাঁস।
প্রাণীগুলো উদ্ধারে পার্কের মালিক হারুনুর রশীদকে প্রথমে নোটিশ করা হয়। বন্য প্রাণীবিষয়ক আইন জানেন না বলে দাবি করে তিনি প্রাণী ও পাখিগুলোকে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট টিমের কাছে খাঁচাসহ তুলে দেন। পরবর্তী সময়ে তাঁর কাছ থেকে মুচলেকা রাখা হয়। উদ্ধারের পর প্রাণী ও পাখিগুলোকে গতকাল রাত ১০টায় গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নিয়ে আসা হয়।
বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এ এস এম জহির উদ্দিন আকনের নির্দেশনায় গতকাল প্রাণীগুলোকে জব্দ করেন বন্য প্রাণী পরিদর্শক অসীম মল্লিক, জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস, ল্যাব টেকনিশিয়ান কনক রায়, জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট সঞ্চয় বন্ধ ও সাদিকুল ইসলাম।
জহির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমাদের এক আউটসোর্সিং কর্মচারীর মাধ্যমে প্রাণীগুলো আটকে রাখার খবর পেয়েছি আমরা। পার্কের মালিককে নোটিশ করা হলে তিনি আগারগাঁও অফিসে আসেন। বন্য প্রাণী আইন সম্পর্কে তাঁকে অবহিত করা হয়। তিনি এ ধরনের কাজ আর করবেন না বলে মুচলেকা দিয়েছেন। তাঁর কাছে থাকা প্রাণী ও পাখিগুলোকে আমাদের হাতে তুলে দেওয়ায় তিনি সহযোগিতা করেছেন। শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বন্য প্রাণীকে কোয়ারেন্টিনে রাখার সুযোগ আছে। তাই উদ্ধার পাখিও প্রাণীগুলোকে এখানে আনা হয়েছে। ইতিমধ্যে কিছু পাখি ও প্রাণীকে পার্কের ভেতরে অবমুক্ত করা হয়। কয়েকটিকে নির্দিষ্ট বেষ্টনীতে রাখা হয়েছে।’