ভালুকা ও কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় দুই চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় গতকাল রোববার ট্রাকচাপায় পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। এ ছাড়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।
ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত পিকআপ ভ্যানের চালক রানা মিয়ার (৩৫) বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার রাজাপুর গ্রামে। তাঁর বাবার নাম খলিল মিয়া। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনজন ব্যবসায়ীসহ রানা মিয়া মাছবাহী পিকআপ ভ্যানটি নিয়ে খুলনা থেকে ময়মনসিংহ যাচ্ছিলেন। গতকাল সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার এলাকায় পিকআপ ভ্যানটিকে পেছন দিক থেকে একটি ট্রাক চাপা দেয়। চারজনকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে রানা মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত তিন ব্যবসায়ী হলেন সুমন মিয়া (২৭), মো. রিপন (২৮) ও আলফাজ হোসেন (৪০)। তাঁদের বাড়ি খুলনায়। তাঁদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি মামুন অর রশিদ দুর্ঘটনায় হতাহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। এদিকে কুলাউড়া-জুড়ী সড়কের আছুরিঘাট এলাকায় শনিবার গভীর রাতে লেগুনার সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক ফয়জুর রহমান (৩২) আহত হন। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ছয়টার দিকে তিনি মারা যান। ফয়জুরের বাড়ি বড়লেখা উপজেলার উত্তর ডিমাই গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়জুর শনিবার রাতে কুলাউড়ার একটি সিএনজি স্টেশন থেকে অটোরিকশায় গ্যাস ভরে বড়লেখায় ফিরছিলেন। রাত পৌনে একটার দিকে আছুরিঘাট এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি লেগুনার সঙ্গে অটোরিকশার সংঘর্ষ ঘটে। অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। তাঁকে উদ্ধার করে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ছয়টার দিকে তিনি মারা যান।
কুলাউড়া থানার এসআই শামীম আকঞ্জি বলেন, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত ফয়জুরের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।