ভালুকা ও শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ভালুকায় নিহত পোশাকশ্রমিক জিয়াউল হকের (২৮) বাড়ি উপজেলার পানিভন্ডা গ্রামে। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকালে জিয়াউল হক তাঁর কর্মস্থল রাসেল গার্মেন্টসের উদ্দেশে বাড়ি থেকে বের হন। সকাল পৌনে আটটার দিকে হবিরবাড়ী এলাকায় ঢাকা থেকে হালুয়াঘাটগামী একটি বাস তাঁকে চাপা দেয়। জিয়াউলকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তাঁর মৃত্যু হয়। জিয়াউলের মৃত্যুর খবর পেয়ে হবিরবাড়ী এলাকার একাধিক পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। বেলা ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
গত মঙ্গলবার সন্ধ্যায় মৌলভীবাজার-ঢাকা সড়কের শ্রীমঙ্গলের কোদালিয়া সেতুতে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষ হয়। এতে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের লইয়ারকুলের আবু তাহের (৬৫) ও মীর্জাপুর ইউনিয়নের জামশি-কাজীরগাঁওয়ের আবদুল মতিন (৩৫) নিহত হন।