ভালুকা ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আমতলি এলাকায় গতকাল শনিবার দুপুরে বাসের ধাক্কায় খাইরুল আলম নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। এদিকে হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় নিহত হয় সিজান আহমেদ নামের এক শিশু।
পুলিশ সূত্রে জানা গেছে, খাইরুলের (২৮) বাড়ি নেত্রকোনা সদর উপজেলায়। তিনি সাইকেলে করে গতকাল বেলা দেড়টার দিকে ভালুকার আমতলি এলাকায় পৌঁছান। এ সময় ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর সাইকেলে ধাক্কা দিলে খাইরুল সড়ক বিভাজকের ওপর ছিটকে পড়েন। পরে তাঁকে স্থানীয় লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এর কয়েক মিনিট পরে তাঁর মৃত্যু হয়।
হবিগঞ্জের বাহুবলের মিরপুর এলাকায় বেলা একটার দিকে সিজান (৭) ঢাকা-সিলেট মহাসড়ক পার হচ্ছিল। এ সময় যাত্রীবাহী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সিজান চুনারুঘাট উপজেলার নোয়াগাঁও গ্রামের আবদুর রহমানের ছেলে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে রাখে।