ভালুকা-টঙ্গী অংশে যানজট যে কারণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট মাস ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা থেকে টঙ্গী পর্যন্ত ৭৫ কিলোমিটার সড়কে যানজট নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সড়কের এ অংশে যাতায়াত করতে আগে যেখানে সময় লাগত এক থেকে সোয়া এক ঘণ্টা, সেখানে এখন সময় লাগছে দুই থেকে আড়াই ঘণ্টা। মহাসড়কে বড় বড় গর্তের কারণে যানবাহনকে থেমে থেমে চলাচল করতে হচ্ছে। ময়মনসিংহ-ঢাকা সড়কপথে চলাচলকারী এনা পরিবহনের চালক মোর্শেদ জানান, সড়কের ভালুকা উপজেলার সিডস্টোর, শ্রীপুরের মাওনা চৌরাস্তা, গাজীপুর সদরের বাঘের বাজার, চান্দনা চৌরাস্তা, সাইনবোর্ড, টঙ্গীর কলেজ গেট অংশের রাস্তা আট মাস ধরে চলাচলের অনুপযোগী হয়ে আছে।শেরপুরের ড্রিমল্যান্ড পরিবহনের চালক হারুন অর রশীদ জানান, ভাঙাচোরা রাস্তা ছাড়া এ সড়কে যানজটের আর কোনো কারণ নেই। বৃষ্টির পানিতে রাস্তার বিভিন্ন অংশ দিনের পর দিন জলাবদ্ধ থাকে। ধীরে ধীরে গাড়ি চালালেও দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া মুশকিল।মাওনা চৌরাস্তা বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. শহীদুল্লাহ শহীদ ও শাহজালাল ট্রান্সপোর্টের পরিচালক কামাল ফরাজী জানান, অনেক সময় মালবাহী ট্রাক সড়কের গর্তগুলোতে আটকে যায়। ফলে যানজট দুই-এক ঘণ্টার জন্য স্থায়ী রূপ নেয়।মাওনা চৌরাস্তা হাইওয়ে থানার সার্জেন্ট রফিকুল ইসলাম জানান, মহাসড়কটির বিভিন্ন স্থানে গর্ত থাকায় যানবাহন খুব ধীরগতিতে চলাচল করছে। অনেক সময় সড়কের গর্তে আটকে যাওয়া যান রেকার এনে উদ্ধার করা হয়। একই থানার উপপরিদর্শক (এসআই) রইস উদ্দিন জানান, সড়কের ওপর কাঁচামালের বাজার যানজট সৃষ্টির আরেকটি কারণ। ঈদের আগে বাজার অনেকটা সরানো হয়েছে। তারপর আবার সেখানে বাজার বসানোর চেষ্টা চলছে। ফলে মাওনা চৌরাস্তায় যানজট অনেকটা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মাওনা ফাঁড়ির পুলিশ সদস্য ফজলুল হক গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে জানান, সকালে সড়কের বড় বড় গর্ত স্থানীয় পরিবহন শ্রমিকদের দিয়ে ভরাট করা হয়েছে। মাঝেমধ্যে এ সড়কে এ রকম স্বেচ্ছাসেবামূলক কাজ করতে হয়। তা ছাড়া সড়ক ও জনপথের কর্মীরা গত ১২ আগস্ট সড়কের বিভিন্ন স্থানে ইটের খোয়া ফেলে গেছেন। তার পরও সড়কের কোনো উন্নতি হচ্ছে না।গাজীপুর সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী ফজলে রাব্বী বলেন, ‘সড়ক সংস্কারের বিষয়ে বরাদ্দ না পাওয়ার পরও দরপত্র আহ্বান করে ঠিকাদার নিয়োগের কাজ শেষ হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে।’