ভালুকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস খাদে, নিহত ৭
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল শনিবার সকালে ট্রাকের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাস খাদে পড়ে সাতজন যাত্রী নিহত হয়েছেন। ময়মনসিংহের ভালুকা উপজেলার মেহেরাবাড়ী এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। হতাহত ব্যক্তিরা সবাই বাসের যাত্রী।
নিহত ব্যক্তিরা হলেন ভালুকা উপজেলার মফিজুল ইসলাম (২৬) ও ফজলুল হক (৪৭), ত্রিশাল উপজেলার আবদুল মোতালেব (২৯), ওয়াহেদুল ইসলাম (৪৫), কামরুল ইসলাম (৪৫) ও আসমাউল হুসনা (২২) এবং নীলফামারী জেলার ডিমলা উপজেলার নওশেদ আলী (৩৫)। ফজলুল হক ও আসমাউল হুসনা ঘটনাস্থলেই মারা যান।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত বাসযাত্রী মো. কদ্দুছ মিয়া বলেন, ঢাকা-নেত্রকোনা রুটের এফএন পরিবহনের বাসটি গতকাল ভোরে প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে ঢাকা রওনা হয়। সকাল সাড়ে ছয়টার দিকে মহাসড়কের মেহেরাবাড়ী এলাকায় পৌঁছানোর পর বেপরোয়া গতির বালুবোঝাই একটি ট্রাককে অতিক্রম করতে গেলে দুই যানে সংঘর্ষ হয়। এতে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। দুর্ঘটনার পর বাস ও ট্রাকের চালক এবং তাঁদের সহকারীরা পালিয়ে যান।
খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল আটটার দিকে মফিজুল ইসলাম, আবদুল মোতালেব, ওয়াহেদুল ইমলাম ও নওশেদ আলী মারা যান। সকাল সাড়ে ১০টার দিকে মারা যান কামরুল ইসলাম। যাত্রীদের কয়েকজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভালুকার ভরাডোবা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মারুফুল ইসলাম বলেন, নিহত যাত্রীদের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলা করবে।