ভালুকায় নববধূ ও ঘাটাইলে পুলিশ সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় গত রোববার সড়ক দুর্ঘটনায় জাকিয়া সুলতানা (২৫) নামের এক নববধূ নিহত ও তাঁর স্বামী তাংটিং পান আহত হয়েছেন।
এদিকে গতকাল সোমবার টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত ও তিন সদস্য আহত হয়েছেন।
জাকিয়ার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, জাকিয়ার বাড়ি গৌরীপুরের ভাংনামারী ইউনিয়নের বারুয়ামারী গ্রামে। তিনি ঢাকায় থাকতেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত তাংটিং পান নামের এক চীনা নাগরিককে গত রোববার দুপুরে ময়মনসিংহ আদালতে বিয়ে করেন। বিয়ে করার পর মোটরসাইকেলে করে তাঁরা ময়মনসিংহ থেকে ঢাকা যাচ্ছিলেন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার নিশিন্দা এলাকায় সন্ধ্যা সাতটার দিকে একটি বাস তাঁদের চাপা দেয়। এতে তাঁরা দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকিয়াকে মৃত ঘোষণা করেন।
ঘাটাইল থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ঘাটাইলের সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ পিকআপ ভ্যান নিয়ে গত রোববার রাতে টহলে বের হয়।
গতকাল ভোর চারটার দিকে উপজেলার সাগরদিঘীর সানবান্দা এলাকায় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়।
এ সময় ঘটনাস্থলেই ওই ভ্যানের চালক কনস্টেবল রেজাউল করিম (৩৭) নিহত হন। এ ছাড়া উপপরিদর্শক (এসআই) আবদুল ওয়াহাব (৩৫), কনস্টেবল মমিনুর রহমান (৩০) ও মজনু মিয়া (৩২) আহত হন। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেজাউলের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়।