ভালুকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত ৪
ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঁঠালী গ্রামে অবস্থিত একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিভিন্ন দাবিতে গতকাল শনিবার বিক্ষোভ ও ভাঙচুর করেছেন। এ সময় কারখানার উৎপাদন ব্যবস্থাপক জহিরুল, তত্ত্বাবধায়ক আবদুল মতিনসহ চারজন আহত হন।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, মজুরি কম দেওয়া, সাপ্তাহিক ছুটি না দেওয়া, নির্দিষ্ট সময়ে বেতন পরিশোধ না করা, অতিরিক্ত সময়ের কাজের সময় নিম্নমানের খাবার দেওয়াসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে গতকাল সকালে ইকরাম সোয়েটার নামের ওই কারখানার ফটকের সামনে কয়েক হাজার শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার জানালার কাচ ভাঙতে শুরু করলে কারখানার নিরাপত্তায় নিয়োজিত আনসাররা দুটি ফাঁকা গুলিবর্ষণ করেন।
কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, নিরাপত্তার স্বার্থে দুটি ফাঁকা গুলি ছোড়া হয়েছে। এতে কোনো শ্রমিক আহত হননি। শ্রমিকদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে এবং কারখানায় এক দিনের (আজ রোববার) ছুটি ঘোষণা করা হয়েছে। ভালুকা মডেল থানার ওসি আবদুল মোতালেব মিয়া বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।