ভালুকার মাদ্রাসায় অস্ত্র উদ্ধারের মামলার সব আসামি খালাস
ময়মনসিংহের ভালুকার জামিয়া ইসলামিয়া নুরুল উলুম কওমি মাদ্রাসায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় করা মামলায় ২৮ আসামির সবাইকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন এ রায় ঘোষণা করেন। তবে এ ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ওই ২৮ জনের মধ্যে ২৬ জনকে খালাস দিয়েছেন আদালত।
বিস্ফোরক মামলায় জঙ্গি সংগঠন তা’আমির উদদীনের আমির মুফতি আবদুর রউফ ওরফে আবদুর রাজ্জাক ও তাঁর সহযোগী তোফাজ্জল হোসেনকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মুফতি আবদুর রউফ ২১ আগস্ট গ্রেনেড হামলা ও রমনা বটমূলে বোমা হামলা মামলার আসামি।
ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, আসামিরা জঙ্গি সংগঠনের সদস্য। তবে অস্ত্র মামলার জন্য যেসব আলামত দেখানো হয়েছে, তা অস্ত্র আইনে পড়ে না। তা ছাড়া ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বিস্ফোরক দ্রব্য রাসায়নিক পরীক্ষায় প্রমাণিত হয়নি। এ কারণে সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণে খালাসপ্রাপ্তদের বিরুদ্ধে কোনো তথ্য মেলেনি।
দুটি মামলায় খালাসপ্রাপ্ত ২৬ জন হলেন ইব্রাহিম, মাহমুদুল হাসান সুমন, আফাজ্জল হোসেন, মাকসুদুর রহমান রানা, ইয়াছিন শেখ, মাকসুদুর রহমান, সাফায়েত হোসেন, সাইফুল ইসলাম ওরফে সাইফুল্লাহ, মাহমুদুল হাসান কুনু, কামরুজ্জামান ওরফে কামাল, আবদুল কাইয়ুম, আনোয়ার হোসেন, মো. নিজাম উদ্দিন মোল্লা, এরশাদ হোসেন, ওমর ফারুক ওরফে মেজবাহ উদ্দিন, কাজী নূরে আলম সিদ্দিকী, জামানুর ফকির ওরফে হুরাইয়া, মীর হোসেন মঈন, সাহাব উদ্দিন, মো. ইব্রাহিম শরিফ, আবুল হাসান ওরফে আবুল কাশেম, শফিক ওরফে শফিকুল ইসলাম, নুর উদ্দিন হায়দার ওরফে নুরু মুন্সী, মহীবুল্লাহ, আসাদুজ্জামান ও জামাল উদ্দিন।
রায় ঘোষণার আগে কারাগারে আটক আসামিদের আদালতে হাজির করা হয়। খালাসপ্রাপ্ত ২৬ জনের মধ্যে নিজাম উদ্দিন মোল্লা কারাগারে ছিলেন এবং ২০ জন জামিনে এবং চারজন পলাতক। একজন বিচার চলাকালে মারা গেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ২ আগস্ট র্যাব-৯-এর একটি দল ময়মনসিংহের ভালুকার জামিয়া ইসলামিয়া নুরুল উলুম কওমি মাদ্রাসায় অভিযান চালিয়ে একটি চাপাতি, একটি ছুরি, ৩০০ গজ ইলেকট্রিক তার, ২০০ পিস সাদা মরিচা বাল্ব, এক কেজি ওজনের (হলুদ পাউডার ভরা সাদা রঙের মুখ বন্ধ) একটি কৌটা, আড়াই কেজি জালের কাঠি ও হরকাতুল জিহাদ আল ইসলামির একটি বই আসামিদের কাছ থেকে উদ্ধার করে।
ওই ঘটনায় জঙ্গি সন্দেহে গ্রেপ্তারকৃত ২৫ জনের নাম উল্লেখ করে ভালুকা থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে ২০০৬ সালের ২৫ আগস্ট মামলা করে পুলিশ। পরের বছরের ১৮ জানুয়ারি ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর তদন্ত করে ২৮ জনের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করেন।
২০০৯ সালের ১৬ জুন আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। রাষ্ট্রপক্ষ ২৮ জন সাক্ষীকে উপস্থাপন করেন।