ভালুকায় আটকে যায় গাড়ি
ঢাকা থেকে ময়মনসিংহের পথে ভালুকা উপজেলার সিডস্টোর পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার পথ যেতে সময় লাগছে দুই ঘণ্টা। সিডস্টোর থেকে মেহেরাবাড়ী হয়ে হাজিরাবাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা পার হতে কেটে যায় এক ঘণ্টা। সেখান থেকে সামনে আরও কয়েক কিলোমিটার পথ জুড়ে যানজট চলছে। এতে ঈদে ঘরমুখী মানুষকে পোহাতে হচ্ছে দুর্ভোগ।
খোঁজ নিয়ে জানা গেছে, ভালুকার এই কয়েক কিলোমিটার পথে চার লেনের কাজ শেষ হয়নি। একই সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনাও ভালো নয়। এ কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে।
ঢাকা থেকে ময়মনসিংহ যেতে দুর্ভোগের শুরু সকাল থেকে। সকালে রাজধানীর মহাখালী বাসটার্মিনালে গিয়ে দেখা যায়, সেখানে হাজারো মানুষ বাসের অপেক্ষায়। সে তুলনায় বাস কম। মাইকে ঘোষণা দেওয়া হয়, ময়মনসিংহের পথে সবচেয়ে বেশি চলাচলকারী এনা পরিবহনের বাস ছাড়তে দেরি হবে। এর পর যাত্রীরা ওই পথে অন্যান্য যেসব পরিবহনের বাস চলাচল করে, এসব গাড়িতে বাড়ির উদ্দেশে রওনা হন। এনা পরিবহনের দু-একটি গাড়ি আসার সঙ্গে সঙ্গেই ঘরমুখো মানুষের হুড়োহুড়ি শুরু হয়। বাসে ওঠার জন্য এনার কাউন্টারে লম্বা লাইন পড়ে যায়।
মহাখালী থেকে যাত্রী নিয়ে যেসব বাস ছাড়ে, সেগুলো ভালুকার সিডস্টোর পর্যন্ত এক টানে চলে আসতে পেরেছে। কোনোরকম যানজট বা ভোগান্তি হয়নি। পুরো রাস্তাই ফাঁকা। কিন্তু সকাল ১০টার দিকে সিডস্টোর পার হয়ে মেহেরাবাড়ি এলাকায় গিয়ে থেমে যায় গাড়ি। শুরু হয় তীব্র যানজট। কোনোরকমে বাস চললেও কিছুক্ষণ পর থেমে যায়। বেলা ১১টা পর্যন্ত সেখানেই আটকে আছেন যাত্রীরা।
যানজটে আটকা চালক ও যাত্রীরা বলেন, মেহেরাবাড়ী থেকে হাজিরবাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তায় তাঁরা এক ঘণ্টা ধরে আটকে আছেন। অথচ ঢাকা থেকে সিডস্টোর পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার পথ আসতে সময় লাগে দুই ঘণ্টা। সামনে আরও কয়েক কিলোমিটার পথ জুড়ে এমন যানজট চলছে বলে তাঁরা জানান।