ভালুকায় আয়ুর্বেদিক ওষুধ ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা পৌর শহরের একটি বাড়িতে আয়ুর্বেদিক ওষুধ তৈরির অনুমোদনহীন কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ওষুধ ধ্বংস করেছেন। আদালত প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন।
ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্র জানায়, ভালুকা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফায়ার সার্ভিস সড়কে আবদুল খালেক নামের এক ব্যক্তি তাঁর কারখানায় বেশ কিছুদিন ধরে অনুমোদন ছাড়া আয়ুর্বেদিক ওষুধ তৈরি করে বাজারজাত করে আসছিলেন। ভালুকা পৌর এলাকায় ‘বনরাজ’ নামের একটি দোকানে তিনি ওই ওষুধ বিক্রি করতেন।
গতকাল শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) তরফদার সোহেল রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান।
অভিযানের খবর পেয়ে আবদুল খালেক পালিয়ে যান। ভ্রাম্যমাণ আদালত তালা ভেঙে কারখানায় ঢুকে চারটি ড্রামভর্তি তরল ওষুধ ধ্বংস করেন।
আবদুল খালেককে না পেলেও তাঁর প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেন আদালত।