ভালুকায় এক হাজার গাছের চারা কেটে ফেলেছে প্রতিপক্ষরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলার নারাঙ্গী গ্রামে গত শুক্রবার ভোরে বিরোধপূর্ণ একখণ্ড জমি থেকে এক হাজার আকাশমণি গাছের চারা কেটে ফেলেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করে গতকাল শনিবার জেলহাজতে পাঠিয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নারাঙ্গী গ্রামের নারাঙ্গী মৌজার ১১৩৫ দাগের এক একর ৩০ শতাংশ জমির মালিকানা নিয়ে ওই এলাকার মাফেজ আলী মণ্ডল ও আবু জাকারিয়া মিন্টুর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মাফেজ আলী মণ্ডল দাবি করেন, ‘ঘটনার দিন ভোরে আবু জাকারিয়া মিন্টুর লোকেরা ওই জমি থেকে বিভিন্ন বয়সী এক হাজার আকাশমণি গাছের চারা কেটে ফেলেছে। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে তারা আমাদের ওপর হামলা চালায়। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে।’ ভালুকা মডেল থানায় গাছ কাটার অভিযোগে মাফেজ আলী মণ্ডলের দায়ের করা মামলায় থানা পুলিশ ওই দিন বিকেলে দেলোয়ার হোসেন (৩৫) ও হাফিজুর রহমান (৪৫) নামে দুই ব্যক্তিকে আটক করে। গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাদের ময়মনসিংহ জেলহাজতে পাঠানো হয়েছে।আবু জাকারিয়া মিন্টু গাছ কাটার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জমি নিয়ে বিরোধ থাকলেও আমার লোকজন গাছ কাটেনি। এটি চক্রান্ত।’ ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেন্দ্র নাথ সরকার জানান, বিরোধপূর্ণ জমির গাছ কাটা নিয়ে দায়ের করা মামলায় আটক দুজনকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।