ভালুকায় একই স্থানে সভা আহ্বান, ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই স্থানে ও সময়ে ছাত্রদল এবং ছাত্রলীগ ও শ্রমিক লীগের সভা আহ্বানকে কেন্দ্র করে ময়মনসিংহের ভালুকা উপজেলা সদরের ভালুকা পাইলট উচ্চবিদ্যালয় ও এর আশপাশের এলাকায় গতকাল শুক্রবার ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। এতে গতকাল বিকেলে সভাস্থল পরিবর্তন করে সদরের হলিমুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ে সভা করেছে ছাত্রদল। তবে ছাত্রলীগ ও শ্রমিক লীগ সভা করেনি।উপজেলা প্রশাসন, পুলিশ ও দলীয় কর্মীরা জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদল ভালুকা শাখা গতকাল বিকেলে ভালুকা পাইলট উচ্চবিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অন্যদিকে সরকারের এক বছর পূর্তি উপলক্ষে ভালুকা আঞ্চলিক শ্রমিক লীগ ও ছাত্রলীগ ওইদিন একই সময়ে ওই স্থানে অনুষ্ঠানের আয়োজন করে। এ নিয়ে গত বৃহস্পতিবার দুপুর থেকে দুই দলের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মোহাম্মদ আলী বলেন, ‘বৃহস্পতিবার দুই পক্ষের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করেছি। কিন্তু সমঝোতায় পৌঁছাতে না পারায় সভাস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে।’ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ‘সভা করার বিষয়ে কোনো পক্ষই আগে থেকে পুলিশকে জানায়নি। ১৪৪ ধারা জারি করার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে আমরা উত্তেজনার বিষয়টি মাথায় রেখে সতর্ক দৃষ্টি রাখছি।’একই স্থানে ও সময়ে সভার আয়োজন প্রসঙ্গে আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম সরকার বলেন, ‘আমাদের অনুষ্ঠানটি ছিল পূর্বনির্ধারিত। উপজেলা প্রশাসনকে এ ব্যাপারে আগেই অবহিত করা হয়েছিল।’ এদিকে ছাত্রদল ভালুকা শাখার সভাপতি উসমান গনি মল্লিক জানান, স্থানীয় প্রশাসন ও থানাকে অবহিত করেই তাঁরা ওই সময়ে সেখানে অনুষ্ঠান করতে যাচ্ছিলেন।