ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি কারখানার বর্জ্যে ফসল নষ্ট হওয়ায় এলাকার প্রায় দুই হাজার কৃষক গতকাল রোববার ক্ষতিপূরণ চেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় আট কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এ ব্যাপারে ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মোহাম্মদ আলী বলেন, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে স্থানীয় সাংসদ এম আমান উল্লাহ ক্ষতিপূরণের আশ্বাস দিলে কৃষকেরা অবরোধ তুলে নেন। প্রায় দুই হাজার নারী-পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে কারখানার সামনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। তাঁরা কারখানার সাইনবোর্ড ভেঙে ফেলেন এবং মূল ফটকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা এবং সাংসদ এম আমান উল্লাহ সেখানে এসে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তাঁরা বর্জ্য পরিশোধনব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ রাখা ও ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলে কৃষকেরা বিকেল সাড়ে তিনটার দিকে অবরোধ তুলে নেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আলম বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।এ ব্যাপারে এক্সপেরিয়েন্স টেক্সটাইল লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রশাসন) মোস্তফা আল মুজাহিদ বলেন, আপাতত উৎপাদন বন্ধ রয়েছে। শিগগিরই পরিশোধন ব্যবস্থা চালু করা হবে।