ভালুকায় গণপিটুনিতে দুই ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় গণপিটুনিতে দুই ডাকাত নিহত ও একজন আহত হয়েছে। গতকাল শুক্রবার ভোরে উপজেলার শান্তিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ডাকাতেরা হলেন জেলার ত্রিশাল উপজেলার কুর্শানগর গ্রামের সাইফুল ইসলাম (৪০) ও গফরগাঁও উপজেলার পালইকান্দা গ্রামের রফিকুল ইসলাম (৩৬)। আহত মো. জালালকে (৬০) ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, গত বৃহস্পতিবার গভীর রাতে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল ত্রিশাল উপজেলার আমতলী বাজার এবং গফরগাঁও উপজেলার কদম রসুলপুর বাজার ও বাড়ার মোড় বাজারের কয়েকটি দোকানে হানা দিয়ে মালামাল লুট করে। তারা লুট করা মালামাল একটি ট্রাকে তুলে গফরগাঁও থেকে ভালুকা যাচ্ছিল। ভালুকা-গফরগাঁও সড়কের শান্তিগঞ্জ ও শিবগঞ্জ এলাকার মাঝামাঝি একটি বেইলি সেতুতে ধাক্কা খেয়ে ট্রাকটি বিকল হয়ে পড়ে। ইতিমধ্যে ডাকাতির ঘটনা আশপাশের এলাকায় জানাজানি হয়। শান্তিগঞ্জ বাজারের প্রহরী বাঁশি বাজিয়ে ও ডাকাডাকি করে স্থানীয় লোকজন জড়ো করেন। এ সময় লুণ্ঠিত মালামাল ফেলে ডাকাতেরা পালানোর চেষ্টা করে। এলাকাবাসী ধাওয়া করে সাইফুল, রফিকুল ও জালালকে আটক করে।