ভালুকায় গণপিটুনিতে যুবলীগ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ (৩৫) গত রোববার রাতে গণপিটুনিতে নিহত হয়েছেন। তিনি একই ওয়ার্ডের ছাত্রলীগ সভাপতি ফারুক হোসেন হত্যা মামলার প্রধান আসামি হিসেবে দীর্ঘদিন পলাতক ছিলেন। ফারুক আহম্মেদ উপজেলার মামারিশপুর গ্রামের জব্বার আমিনের ছেলে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা ফারুক হোসেন ২০১০ সালের ১৩ ডিসেম্বর উপর্যুপুরি ছুরিকাঘাতে নিহত হন। ওই হত্যা মামলার প্রধান আসামি ফারুক আহম্মেদ ঘটনার পর থেকে পলাতক ছিলেন। গত রোববার রাতে মাতাল অবস্থায় মল্লিকবাড়ী ইউনিয়নের মামারিশপুর গ্রামে আলমগীর হোসেন নামে এক সঙ্গীকে নিয়ে তিনি ফেরেন। ফারুক আহম্মেদের আসার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা তাঁদের আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ফারুক মারা যান। খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার ও আলমগীর হোসেনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।নিহত ফারুক আহম্মেদের স্ত্রী আম্বিয়া খাতুন দাবি করেন, তাঁর স্বামীকে পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তিনি এ খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেন।ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেন্দ্রনাথ সরকার গতকাল প্রথম আলোকে জানান, গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামি ফারুক আহম্মেদের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিন শতাধিক লোককে আসামি করে একটি মামলা করেছে। ওসি নরেন্দ্রনাথ বলেন, ‘আইন কেউ নিজের হাতে তুলে নিতে পারে না। আমরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এ খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করার চেষ্টা করছি।’