ভালুকায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। গতকাল বুধবার বিকেলে স্থানীয় একটি পোশাক কারখানায় ব্যবহারের জন্য কাভার্ড ভ্যান বোঝাই করে গ্যাস সিলিন্ডার নেওয়ার সময় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম কুব্বাত হোসেন (৪০)। তাঁর বাড়ি মাগুরা জেলায়। তিনি ওই ফিলিং স্টেশনে শ্রমিক হিসেবে কাজ করতেন। আহত ব্যক্তিরা হলেন সুরুজ আলী (৪১) ও আজহারুল ইসলাম (১৮)। সুরুজ আলী কাভার্ড ভ্যানের চালক। আজহারুল ইসলাম তাঁর সহকারী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ভালুকা উপজেলার মাস্টারবাড়ী এলাকার পূর্বাশা ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসে একটি কাভার্ড ভ্যান। সুপ্তি গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় ব্যবহারের জন্য এ গ্যাস নেওয়া হচ্ছিল। গ্যাস ভর্তি করে কাভার্ড ভ্যানে তোলার সময় একটি সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই কুব্বাত হোসেন মারা যান। আহত সুরুজ আলী ও আজহারুলকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ প্রথম আলোকে বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।