ভালুকায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলার একটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৫ মে মামলা হয়। গতকাল মঙ্গলবার পর্যন্ত আসামি গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এজাহার সূত্রে ও ওই ছাত্রীর বাবার সঙ্গে কথা বলে জানা যায়, মেয়েটি ময়মনসিংহ শহরের একটি কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী। ছাত্রলীগের ওই নেতা মেয়েটিকে উত্ত্যক্ত করতেন। গত ১১ জানুয়ারি ওই নেতা তাঁর এক বন্ধুকে নিয়ে কলেজের সামনের সড়ক থেকে মেয়েটিকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যান। পরে মাইক্রোবাসটির ভেতরে ওই নেতা মেয়েটিকে ধর্ষণ করেন। এরপর মেয়েটিকে অচেতন অবস্থায় সড়কের ওপর ফেলে রেখে ওই নেতা ও তাঁর বন্ধু চলে যান। পরে মেয়েটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মেয়েটির বাবা বলেন, ‘ওই ঘটনার পর আমার মেয়ে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিল। তা ছাড়া পরিবারের সম্মানের কথা ভেবে এত দিন মামলা করিনি। মামলার পর থেকে ওই নেতার পক্ষ হয়ে প্রভাবশালী ব্যক্তিরা হুমকি দিচ্ছেন।’
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম গতকাল বলেন, আসামি পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্ত ব্যক্তির মুঠোফোনে কল করে সেটি বন্ধ পাওয়া গেছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরকার মো. সব্যসাচী প্রথম আলোকে বলেন, সংগঠনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।