ভালুকায় জমির দখল নিয়ে সংঘর্ষে আহত ২০
ময়মনসিংহের ভালুকা উপজেলার চামিয়াদী গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে জমির দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ক্রয়সূত্রে মালিকানা দাবি করে জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের ভালুকা শাখার সভাপতি মো. নাজমুল হোসেনের নেতৃত্বে ৭০-৮০ জনের একটি দল চামিয়াদী গ্রামের ৮ একর ১৭ শতাংশ জমি দখল করতে যায়। এ সময় ওই গ্রামের মো. গোলাম মোস্তফা ও মো. মোক্তার আলীর নেতৃত্বে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে তাদের বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়।আহত ব্যক্তিদের মধ্যে সালাহউদ্দিন ও সুমন খানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া মো. নাজমুল হোসেন, মো. রফিকুল ইসলাম ও মো. হেলাল উদ্দিনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মো. গোলাম মোস্তফা, শিরিনা আক্তার, মুক্তার আলী, মোশায়েত, ফরমান আলী, আ. আলী, আলম মিয়া ও আক্তার আলীকে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।সংঘর্ষের সময় প্রতিপক্ষের লোকেরা নাজমুলের লোকজনের একটি মাইক্রোবাস ও পিকআপ ভাঙচুর করে এবং একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।আহত নাজমুল হোসেনের দাবি, চামিয়াদী মৌজার ওই জমি গ্রামের নুরুল ইসলামের কাছ থেকে কিনে তা দখল করতে গেলে প্রতিপক্ষের লোকজন হামলা করে।ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকিউর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি।