ভালুকায় ট্রাক উল্টে নিহত ৫, আহত ৩
ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় পাঁচ ট্রাক আরোহী ঘটনাস্থলেই নিহত ও অপর তিনজন গুরুতর আহত হয়েছেন। ভালুকা মডেল থানার পুলিশ নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে থানায় রেখেছে এবং আহত ব্যক্তিদের ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। গতকাল সোমবার বিকেল সোয়া পাঁচটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার সিডস্টোর নামক স্থানে শেরপুরগামী টিনবোঝাই ট্রাকের পেছনের একটি চাকার টায়ার ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে সড়কের পাশে ধানখেতে পড়ে এ ঘটনাটি ঘটেছে। নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। তবে থানা পুলিশের ধারণা, নিহত-আহত সবার বাড়ি শেরপুর এলাকায় হবে।ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকিউর রহমান জানান, ট্রাকের চাকা ফেটে সড়কের পাশে ট্রাকটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই টিনচাপায় পাঁচ আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ট্রাকের চালক ও সহযোগী পালিয়ে যাওয়ায় নিহত পাঁচজনের পরিচয় পাওয়া যায়নি।