ভালুকায় ট্রাকচাপায় দুই সহোদরার মৃত্যু, আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাতিজার মৃত্যুর খবর শুনে মোটরসাইকেলে চড়ে দেখতে যাওয়ার পথে ট্রাকের চাপায় নিহত হয়েছেন সহোদর দুই বোন। গতকাল রোববার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার ভান্ডাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন: ভালুকা পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের আবুল কালামের স্ত্রী মমতাজ বেগম (৪২) ও তাঁর সহোদর ছোট বোন একই এলাকার আফাজ উদ্দিনের স্ত্রী তাসলিমা বেগম (৩৫)। আহত হন নিহত মমতাজ বেগমের ছেলে মোটরসাইকেলচালক শাকিল (২২)।থানার পুলিশ ও নিহত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা গেছে, বড় ভাই আবুল কাসেমের ছেলে জাহাঙ্গীর হোসেন (২২) মারা যাওয়ার খবর শুনে মমতাজ বেগম তাঁর ছোট বোন তাসলিমা বেগমকে সঙ্গে নিয়ে ছেলে শাকিলের মোটরসাইকেলে চেপে উপজেলার ভরাডোবা গ্রামের উদ্দেশে রওনা হন। দুপুর সাড়ে ১২টার দিকে ভান্ডাব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভালুকাগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শাকিলের মা ও খালা নিহত হন এবং শাকিল আহত হন। খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করেছে। গুরুতর আহত শাকিলকে প্রথমে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান জানান, মর্মান্তিক এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।